10/08/2026
শোক বিবৃতি ও প্রতিবাদ
সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী ইয়ামিনের ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার শোক ও প্রতিবাদ
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থী ইয়ামিনের মর্মান্তিক ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বায়েজিদ হোসেন।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইয়ামিনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া তার পরিবার, স্বজন ও সহপাঠীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নেতৃবৃন্দ বলেন, ইয়ামিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার প্রয়োজনীয়তা এবং চিকিৎসার পথে তার ইন্তেকালের ঘটনা ফেনীর জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। গুরুতর আহত রোগীদের দ্রুত ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত সক্ষমতা ফেনীতে নিশ্চিত করা জরুরি। যেন উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পথে আর কোনো রোগীকে জীবন হারাতে না হয়।
তারা আরও বলেন, ফতেহপুর ও এর আশপাশের এলাকা দীর্ঘদিন ধরে ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সেখানে প্রায়ই মানুষ ছিনতাইয়ের শিকার হন। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি, নিয়মিত পুলিশি টহল ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। কোনো নাগরিক যেন নির্বিঘ্নে চলাচল করতে গিয়ে ছিনতাই বা অন্য কোনো অপরাধের শিকার না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
নেতৃবৃন্দ ইয়ামিনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ফেনীর জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি, দুর্ঘটনাকবলিত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং ফতেহপুরসহ ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তারা ইয়ামিনের পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
বার্তা প্রেরক:
ওমর বিন জামাল
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ফেনী জেলা শাখা