19/08/2026
🌿 মানবিক ছায়া সংগঠন
গৌরনদী উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করার বিষয় নিয়ে আলোচনা হয়।
উক্ত আলোচনা পরিচালনা করেন আমাদের উপজেলার সম্মানিত ইউএনও স্যার। তিনি আমাদের উপজেলাকে একটা নিট এন্ড ক্লিন উপজেলা হিসাবে গড়ে তুলতে চান। সেই পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠন একত্বটা প্রকাশ করে সর্বাত্মক সাহায্য করার অঙ্গীকার করেছে।
আলোচনায় মানবিক ছায়া সংগঠন, খাঞ্জাপুর ইউনিয়ন-এর পক্ষ থেকেও আমাদের চলমান মানবসেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
ইনশাআল্লাহ, মানবিক ছায়া সংগঠন খাঞ্জাপুর ইউনিয়নবাসীর পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। 🤝
আমাদের প্রধান মানবসেবামূলক কার্যক্রমগুলো হলো—
১. ঈদে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো
ঈদের সময় যেসব অসচ্ছল পরিবার নতুন পোশাক বা সামান্য সেমাই-চিনি কেনার সামর্থ্য রাখে না, তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করি।
২. অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা
খাঞ্জাপুর ইউনিয়নের কোনো অসহায় ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে এবং চিকিৎসার খরচ বহন করতে না পারলে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে সংগঠনের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়।
৩. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা
কর্মের তাগিদে চলাচলের সময় কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হলে এবং চিকিৎসার জন্য আর্থিক সংকটে পড়লে, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
৪. মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা
এলাকার কোনো মসজিদ বা মাদ্রাসার সংস্কার কিংবা প্রয়োজনীয় কাজে সহযোগিতার আবেদন এলে, সংগঠনের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করি।
৫. ঝুঁকিপূর্ণ সড়ক ও জনপথে উদ্যোগ
খাঞ্জাপুর ইউনিয়নের কোথাও রাস্তা বা চলাচলের পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এবং দুর্ঘটনার আশঙ্কা থাকলে, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে নিজেদের সামর্থ্য অনুযায়ী তা মেরামত বা ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়।
৬. অসহায় পরিবারের পাশে দাঁড়ানো
কোনো পরিবারে উপার্জনক্ষম অভিভাবক না থাকায় খাদ্যসংকট দেখা দিলে, আবেদন ও যাচাইয়ের ভিত্তিতে সংগঠনের সামর্থ্য অনুযায়ী অন্তত এক মাসের নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি।
৭. মাদকবিরোধী সামাজিক কার্যক্রম
খাঞ্জাপুর ইউনিয়নে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সামাজিকভাবে এর প্রতিরোধে কাজ করার চেষ্টা করি।
এগুলো আমাদের চলমান কার্যক্রমের কয়েকটি উদাহরণ মাত্র। এর বাইরেও মানুষের প্রয়োজনে, বিপদে-আপদে এবং সমাজের কল্যাণে মানবিক ছায়া সংগঠন তার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমাদের লক্ষ্য একটাই—
“মানবতার সেবায়, মানুষের পাশে।” ❤️
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
ইনশাআল্লাহ, মানবিক ছায়া সংগঠন খাঞ্জাপুর ইউনিয়ন মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করে যাবে।