27/07/2026
ইসলামকে মানুষ কেন এত অবমূল্যায়ন করে?
অনেকেই হয়তো বলবেন—মানুষ দুনিয়ার মোহে পড়ে গেছে, তাই ইসলামকে গুরুত্ব দেয় না। কথাটা পুরোপুরি ভুল নয়। কিন্তু আমার মনে হয়, এর আরেকটি বড় কারণ হলো—আমরা অনেক সময় ইসলামকে এমনভাবে উপস্থাপন করি, যেভাবে মানুষ এর সৌন্দর্য, সহজতা ও প্রজ্ঞাকে অনুভব করার সুযোগই পায় না।
আমাদের দেশে বছরের অনেকটা সময় জুড়ে ওয়াজ-মাহফিল, ইসলামী আলোচনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। কিন্তু এত আয়োজনের পরও যদি অনেক মানুষ ইসলামকে কঠিন, ভয়ের বা শুধু নিষেধাজ্ঞার ধর্ম মনে করে, তাহলে আমাদের নিজেদেরও একবার ভেবে দেখা উচিত—উপস্থাপনার ধরনে কোথাও কি ঘাটতি রয়ে গেছে?
আমার কাছে মনে হয়, ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর সহজতা। অথচ আমরা অনেক সময় সেই সহজ সৌন্দর্যটাই মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারি না। ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন এটি শুধু "এটা হারাম", "ওটা হারাম", "এটা করো না", "ওটা করো না"—এসবের মধ্যেই সীমাবদ্ধ। ফলে যারা ইসলাম সম্পর্কে গভীরভাবে জানে না, তাদের কাছে ইসলাম কঠিন, ভয়ঙ্কর কিংবা শুধু বিধিনিষেধের ধর্ম বলে মনে হয়।
অথচ ইসলাম শুধু নিষেধের নাম নয়। ইসলাম দয়া, ন্যায়বিচার, মানবতা, উত্তম চরিত্র, ক্ষমাশীলতা, ভালোবাসা, সৌন্দর্য, প্রজ্ঞা ও সহজতার শিক্ষা দেয়। মানুষ যখন ইসলামের এই দিকগুলো কম দেখে, তখন অনেকের কাছেই ইসলামকে বোঝা কঠিন হয়ে যায়। তারা ইসলামের প্রকৃত রূপ না দেখে কেবল কঠোর দিকটাই বেশি দেখতে পায়।
আরও একটি বিষয় আমাদের ভাবা উচিত। অনেক সময় আমরা এমন ভাষায় কথা বলি, যা মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার বদলে তাদের আরও দূরে সরিয়ে দেয়। কঠোর সমালোচনা, রাগ কিংবা মানুষকে ছোট করে বলার মাধ্যমে নয়; বরং সুন্দর আচরণ, উত্তম চরিত্র, ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমেই ইসলামের সৌন্দর্য মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া সম্ভব।
ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। ইসলাম এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে, হৃদয়কে পরিশুদ্ধ করতে, ন্যায়, শান্তি, দয়া ও মানবতার শিক্ষা দিতে। তাই মানুষকে ইসলামের দিকে আহ্বান করার সময় শুধু বিধান বললেই হবে না; সেই বিধানের পেছনের সৌন্দর্য, প্রজ্ঞা, রহমত ও কল্যাণও মানুষের সামনে তুলে ধরতে হবে।
আমার বিশ্বাস, যদি ইসলামকে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারে—কেন আল্লাহ এই বিধান দিয়েছেন, এর উদ্দেশ্য কী, এর সৌন্দর্য কোথায় এবং এটি মানুষের জীবনকে কীভাবে সুন্দর করে—তাহলে মানুষ ইসলামকে কঠিন নয়, বরং জীবনের সবচেয়ে সুন্দর ও পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করবে।
ইসলামের দাওয়াত শুধু কথায় নয়, আমাদের চরিত্র, আচরণ, ব্যবহার ও উপস্থাপনাতেও ফুটে উঠতে হবে। কারণ অনেক সময় একটি সুন্দর ব্যবহার, একটি কোমল ভাষা এবং একটি প্রজ্ঞাপূর্ণ উপস্থাপনা শত বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে।
আসুন, আমরা ইসলামকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরি, যাতে মানুষ ভয় পেয়ে নয়, ভালোবেসে ইসলামের দিকে এগিয়ে আসে; কঠিন মনে করে নয়, বরং এর সৌন্দর্য ও শান্তি উপলব্ধি করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে চায়।
আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার, নিজের জীবনে বাস্তবায়ন করার এবং সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাওফীক দান করুন।
আমীন।
মোঃ মাসুম বিল্লাহ