04/08/2026
বই উপহার: এক পরম ভালো লাগার অনুভূতি
ছাত্র আন্দোলনের আব্দুর রহমান হঠাৎ ফোন করল—জরুরি দেখা করা প্রয়োজন। আমি বাদ মাগরিব সাক্ষাতের সময় দিলাম। এর কিছুক্ষণ পরেই আসরের পর ছাত্র আন্দোলন এর আর এক নেতা ফয়সাল আমিন ফোন দিয়ে জানালো, ছাত্র আন্দোলনের কতিপয় ভাইও আমার সাথে খুব জরুরি দেখা করতে চান।
ছাত্রদের পরপর ফোন আর তাগিদ দেখে ভাবলাম, হয়তো কোনো জরুরি বিষয়, কোনো বিপদ কিংবা শিক্ষা-জ্ঞান সংক্রান্ত কোনো গম্ভীর আলোচনার জন্য তারা দেখা করতে চাচ্ছে। ফোনগুলোর গুরুত্ব উপলব্ধি করে কালবিলম্ব না করে দ্রুতই বের হয়ে গেলাম।
নির্দিষ্ট সময়ে সাক্ষাৎ হলো। তরুণদের সাথে সময় কাটিয়ে শুরুতেই মনটা ভালো হয়ে গেল। কুশল বিনিময়ের পর যখন তাদের আসার আসল কারণটা জানলাম, তখন সত্যিই অভিভূত হয়ে গেলাম! তারা বলল— ভাই, আমরা আপনাকে একটা বই উপহার দিতে চাই।
বর্তমান ডিজিটাল যুগে যেখানে মানুষের বই পড়ার অভ্যাস দিন দিন হ্রাস পাচ্ছে, সেখানে তরুণদের থেকে এরকম একটি উপহার পাওয়ার অনুভূতি আমাকে বেশ আবেগপ্লুত ও আনন্দিত করল।
আলহামদুলিল্লাহ, বইটিও ছিল অত্যন্ত চমৎকার ও মূল্যবান—বিশ্বনন্দিত গবেষক শায়খুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকী উসমানী (দামাত বারাকাতুহুম) এর লিখিত বিখ্যাত গ্রন্থ তাসাউফ ও আত্মশুদ্ধি ।
বইটির শুরুতেই লেখক উল্লেখ করেছেন, তাঁর সম্মানিত পিতা আল্লামা মুফতি শফী (রহি.) প্রতিদিন বাদ আসর মসজিদে সাধারণ মুসলমানদের আত্মশুদ্ধির লক্ষ্যে আলোচনা করতেন। আর সেই মূল্যবান আলোচনার সারমর্মগুলো গুছিয়ে লিখে রেখেছিলেন তাঁর সুযোগ্য সন্তান আল্লামা তাকী উসমানী। পরবর্তীতে সেগুলো একত্রিত করেই মুসলিম উম্মাহর আত্মিক উন্নয়নের জন্য এই চমৎকার বইটি প্রকাশিত হয়।
উপহার পাওয়ার পর বইটির বেশ কিছু পৃষ্ঠা পড়ার সুযোগ হলো। যেকোনো মানুষের জীবনের দিকনির্দেশনা, আত্মশুদ্ধি এবং আত্মার আত্মিক উন্নতির জন্য বইটি এক অনন্য সংযোজন।
ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই অমূল্য হাদিয়াটি পেয়ে আমি আন্তরিকভাবে আনন্দিত ও কৃতজ্ঞ। তরুণ ভাইদের জন্য মন থেকে দোয়া রইল—তারা যেন পড়াশোনায় গভীরভাবে মনোনিবেশ করে, নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তোলে এবং দেশ, জাতি ও ইসলামের সত্যিকারের সেবক হিসেবে নিজেদের আত্মনিয়োগ করতে পারে।
যে 'তাসাউফ ও আত্মশুদ্ধি'র বাণী সংবলিত বই তারা আমাকে উপহার দিয়েছে, মহান আল্লাহ তাদের সকলকেও এর মর্মবাণী উপলব্ধি করার ও সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন।
তাদের এই সুন্দর ও মার্জিত ভালোবাসার হাদিয়া সানন্দে গ্রহণ করলাম। প্রিয় তরুণদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। 💙