04/09/2026
দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ ,দোলেশ্বর ,কেরানীগঞ্জ, ঢাকা
Geolocation- 23°40'18.7"N 90°26'23.0"E
“দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ” স্থানীয়ভাবে লাল মসজিদ নামে পরিচিত। বর্তমানে মসজিদটি মক্তব হিসেবে ব্যবহৃত হচ্ছে; নামাজ পাশের সম্প্রসারিত ভবনে অনুষ্ঠিত হয়।
মরহুম দারোগা আমিনউদ্দিন আহাম্মদ বাংলা ১২৭৫ সনে প্রায় ১৫৩ বছর আগে (ইংরেজি ১৮৬৮, হিজরি ১২৮৫) মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। জনশ্রুতি আছে, দারোগা আমিনউদ্দিন আহাম্মদ মসজিদটির উদ্যোক্তা হওয়ায় এটি ‘দারোগা মসজিদ’ নামে পরিচিত ছিল। তাঁর ছেলে মইজউদ্দিন আহম্মদ মসজিদের প্রথম মোতোয়ালি ছিলেন। ১৯৬৮ সালে তৎকালীন জাতীয় পরিষদের সদস্য হামিদুর রহমান আদিরূপ অক্ষুণ্ণ রেখে মসজিদটির বর্ধিত অংশ নির্মাণ করেন। মসজিদের বারান্দার ছাদের অংশে তাকালে বর্ধিত অংশের স্বাক্ষর সহজে দৃষ্টিগোচর হয়। ঢাকা-৩ আসনের সাংসদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২০১৮ সালে পুরানো মসজিদটি আদিরূপে পুনঃসংস্কার শেষ করেন ও পাশেই অধিক ধারণক্ষমতা সম্পূর্ণ আধুনিক মসজিদ নির্মাণ করেন। স্থপতি আবু সাঈদ এম আহমেদ মসজিদটির সংস্কার কাজের ও নতুন আধুনিক ভবন নির্মাণের নেতৃত্ব দেন।
২০২১ সালে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর পুরস্কারের 'এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনসারভেশন' এর 'অ্যাওয়ার্ড অব মেরিট' ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে কেরানীগঞ্জের এই মসজিদ। মূলতঃ স্থাপনার মাধ্যমে ঐতিহ্যের বৈচিত্র্য ধরে রাখার জন্য এ স্বীকৃতি।
ঢাকা থেকে পোস্তাগোলা ব্রিজ পার হয়ে মাত্র ৩০ টাকা অটো ভাড়া দিয়ে আপনি দেখে আসতে পারেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে, দোলেশ্বর ইউনিয়নে অবস্থিত “দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ”। ঢাকা-মাওয়া রোডের হাসনাবাদ থেকেও সহজে যাওয়া যায়।