03/09/2026
বান্দার সমস্ত কল্যাণ নিহিত রয়েছে, মহান আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার মধ্যে !
ইবনু আবিদ্দুনিয়ার ‘কিতাবুল উকূবাত’ গ্রন্থে এসেছে—
উমর ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন:
“সমস্ত কল্যাণই সন্তুষ্টির মধ্যে। সুতরাং তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো, তবে সন্তুষ্ট থাকো। আর যদি তা সম্ভব না হয়, তবে ধৈর্য ধারণ করো।”
মানুষের সবচেয়ে ভ্রান্ত ধারণাগুলোর একটি হলো—সে মনে করে, সবকিছু যেন তাকে উদ্দেশ্য করেই ঘটছে এবং পৃথিবীর প্রতিটি "বিষয়ই" যেন তার বিরুদ্ধে কাজ করছে !
না, হে আমার প্রিয় বন্ধু ! এটাই তো দুনিয়ার বাস্তবতা—কখনো প্রিয়জন হারাতে হয়, কখনো দারিদ্র্য আসে, কখনো অসুস্থতা, কখনো ভয়, আবার কখনো কোনো প্রয়োজন পূরণ না হওয়ার অসম্ভব মন ভাঙ্গা কষ্ট।
পৃথিবীর এমন কোনো মানুষ নেই, যে কোনো প্রিয়জনকে হারায়নি; তাই একমাত্র তুমিই প্রিয়জন হারিয়েছ—এমন নয় বন্ধু ।
এমন কোনো মানুষ নেই, যে কোনো একদিন অসুস্থ হয়নি; তাই একমাত্র তুমিই অসুস্থ হয়েছ—এমন নয়।
এমন কোনো মানুষ নেই, যে কোনো কিছুকে ভয় পায়নি; তাই একমাত্র তুমিই ভীত হয়েছ—এমন নয়।
এমন কোনো মানুষ নেই, যে কোনো কিছু কামনা করেছে অথচ তা লাভ করতে পারেনি; তাই, একমাত্র তুমিই তোমার কাঙ্ক্ষিত বিষয় থেকে বঞ্চিত হয়েছ—এমন নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনে যা কিছু ঘটান, তার প্রতিটি বিষয়ের মধ্যেই রয়েছে গভীর প্রজ্ঞা।
তুমি যদি সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারো, তবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকো—এটি ঈমানের সর্বোচ্চ মর্যাদাগুলোর একটি।
আর যদি সেই প্রজ্ঞা তোমার কাছে অজানা থেকে যায়, তবে ধৈর্য ধারণ করো।
কারণ তুমি তো একজন বিশ্বাসী "দাস"—আর সত্যিকারের বিশ্বাসী "দাস" তার প্রভুর ফয়সালার প্রতি কখনো অসন্তুষ্ট হয় না।
আলহামদুলিল্লাহ।🤲