22/08/2026
প্রেস বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও রসায়নবিদদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা, ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার): বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (BNACWC)-এর তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে গত ১৯ আগস্ট ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক সুরক্ষা, দ্বৈত-ব্যবহারযোগ্য (Dual-Use) রাসায়নিকের ঝুঁকি এবং রসায়নবিদদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (BNACWC)-এর সদস্য সচিব ও মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ কমডোর মোঃ মনির উদ্দীন মল্লিক (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন উপস্থিত ছিলেন।
সেমিনারের মূলপর্বে BNACWC-এর তিনজন কর্মকর্তা বক্তা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেজেন্টেশন প্রদান করেন। উপপরিচালক রফিকুল ইসলাম রাসায়নিক অস্ত্রের ঐতিহাসিক বিবর্তন, রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এর উদ্দেশ্য ও বাস্তবায়ন এবং রাসায়নিক নিরাপত্তার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। লেফটেন্যান্ট কর্নেল বিএম সেলিম রেজা শফিক রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক সুরক্ষা এবং দ্বৈত-ব্যবহারযোগ্য রাসায়নিকের সম্ভাব্য ঝুঁকি ও দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। লেফটেন্যান্ট কমান্ডার এসএম সাইফুল আলম কিবরিয়া রসায়ন শিক্ষার্থীদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিদ্যমান বিভিন্ন কর্মক্ষেত্র, পেশাগত সম্ভাবনা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে আলোকপাত করেন।
রসায়ন শিক্ষায় রাসায়নিক নিরাপত্তা অন্তর্ভুক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অগ্রণী উদ্যোগ
সেমিনারে উল্লেখ করা হয় যে, বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ রসায়ন প্রথম বর্ষের পাঠ্যক্রমে “রাসায়নিক নিরাপত্তা ও রাসায়নিক অস্ত্র কনভেনশন” বিষয়টি ২ ক্রেডিট হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এর মাধ্যমে বিভাগটি প্রচলিত রসায়ন শিক্ষার পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক বাস্তবতা ও পেশাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করেছে।
নতুন এই পাঠ্যক্রমের আওতায় শিক্ষার্থীরা রসায়নের শান্তিপূর্ণ ও মানবকল্যাণমূলক ব্যবহার, রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ, রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা এবং রাসায়নিক অস্ত্র কনভেনশনের মৌলিক বিষয়সমূহ সম্পর্কে প্রাতিষ্ঠানিক ও যথাযথ জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এর ফলে ভবিষ্যৎ রসায়নবিদরা শিল্প, গবেষণা, শিক্ষা ও অন্যান্য পেশাগত ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে রাসায়নিক ব্যবহারে আরও সক্ষম হয়ে উঠবে।
বক্তারা বলেন, রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা কেবল একটি আইনগত বা প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা নয়; এটি একজন রসায়নবিদের পেশাগত ও নৈতিক দায়িত্বেরও গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে রাসায়নিক বিজ্ঞানের শান্তিপূর্ণ ও মানবকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দ্বৈত-ব্যবহারযোগ্য রাসায়নিক ও প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার সম্পর্কে ভবিষ্যৎ রসায়নবিদদের সচেতন থাকা প্রয়োজন।
সেমিনারে আরও গুরুত্ব দেওয়া হয় যে, বর্তমান বিশ্বের পরিবর্তিত প্রেক্ষাপটে রসায়নবিদদের শুধু গবেষণা ও শিল্পক্ষেত্রের দক্ষতা অর্জন করলেই হবে না; রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক সুরক্ষা, দায়িত্বশীল বিজ্ঞানচর্চা এবং আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ ব্যবস্থার বিষয়েও তাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এসব জ্ঞান একজন রসায়নবিদকে আরও দক্ষ, দায়িত্বশীল এবং বিশ্বমানের পেশাজীবী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশনের কার্যকর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের রসায়নবিদদের মধ্যে রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে BNACWC দেশের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পাঠ্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্তি এবং এ ধরনের সেমিনার আয়োজন এই ধারাবাহিক কার্যক্রমকে আরও সুদৃঢ় করেছে।
সেমিনারটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রাসায়নিক নিরাপত্তা, রাসায়নিক সুরক্ষা, CWC, রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ এবং রসায়নভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।