13/08/2026
জবিতে সাংবাদিকদের সঙ্গে ছাত্র মজলিসের মতবিনিময় ও আহত সাংবাদিকদের সম্মাননা
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে গত ৪ আগস্টের ঘটনায় আহত সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলে হামলার পরিস্থিতি, তাদের অভিজ্ঞতা এবং দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সজীব মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব ওবায়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উইংয়ের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।
মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, আহত হওয়া এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা হয়। এ সময় আহত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যা, শিক্ষার্থীদের অধিকার ও অনিয়মের বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সাংবাদিকদের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে আহত সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দায়িত্বশীল মাওলানা নুরুল্লাহ মাহমুদ, জবি শাখার বাইতুল মাল সম্পাদক জাহাঙ্গীর আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মুশফিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার, শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।