21/08/2026
চীনা সিনেমা ‘Niu Lai’ (The Cow is Coming)। ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। মা ও ছেলে টানা পাঁচ বছর পরিশ্রম করে ছবিটি তৈরি করেছেন।
এবার আসি, একটি থ্রিডি অ্যানিমেশন চলচ্চিত্র কীভাবে নির্মাণ করা হয় এবং এর পেছনে কতটা পরিশ্রম থাকে।
একটি থ্রিডি অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণের জন্য প্রথমে একটি টিম বা কোম্পানির প্রয়োজন হয় এবং অনেক বড় বাজেটেরও প্রয়োজন হতে পারে। একটি গল্প নির্বাচন করার পর চরিত্র ডিজাইন করা হয় এবং প্রতিটি দৃশ্যের পরিকল্পনা ও স্কেচ তৈরি করা হয়।
এরপর চরিত্রগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য 3D মডেলিং করা হয়। Autodesk Maya, 3ds Max, Blender, Houdini, Cinema 4D, ZBrush—এ ধরনের বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। মডেলিং শেষ হলে চরিত্রের টেক্সচারিং ও রিগিং করতে হয়।
টেক্সচারিং বা রঙের কাজের জন্যও বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয় যেমন Mudbox, ZBrush, Substance 3D Painter ইত্যাদি।
এভাবে সব চরিত্র প্রস্তুত হওয়ার পর প্রত্যেকটি দৃশ্যের জন্য আলাদা আলাদা এনভায়রনমেন্ট বা সেট তৈরি করতে হয়। এরপর শুরু হয় অ্যানিমেশনের কাজ—ক্যারেক্টারের মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, ডায়ালগ ডেলিভারি, মুখের এক্সপ্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ দৃশ্যের অ্যানিমেশন তৈরি করা হয়।
এরপর আসে লাইটিং ও রেন্ডারিং। প্রতিটি সিন আলাদাভাবে লাইটিং করে রেন্ডার করতে হয়। থ্রিডি সফটওয়্যার থেকে পাওয়া ডাটা নিয়ে কম্পোজিটিং সফটওয়্যারে কাজ করে পুরো দৃশ্যকে ফাইনাল রূপ দিতে হয়।
আপনি কি ভেবেছেন কাজ শেষ? না, এখনো কিছুই শেষ হয়নি!
এরপর পুরো সিনেমার এডিটিং, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ডিজাইন, সাউন্ড এফেক্টস সবকিছু সম্পন্ন করতে হয়। সবশেষে সিনেমাটিকে থিয়েটারে প্রদর্শনের উপযোগী করে DCP তৈরি করে সিনেমা হলে পাঠাতে হয়। তাহলে এবার বুঝুন, একটি অ্যানিমেটেড চলচ্চিত্র তৈরি করতে কত পরিশ্রম, কত স্ট্রাগল এবং কত মানুষের শ্রম দিতে হয়।
শুধু অ্যানিমেটেড চলচ্চিত্রের ক্ষেত্রেই যে এত পরিশ্রম, তা নয়। একটি সাধারণ লাইভ-অ্যাকশন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও রয়েছে অসংখ্য মানুষের শ্রম, সময়, অর্থ এবং মানসিক সংগ্রাম। বাজেট না থাকলে একটি চলচ্চিত্র বানানো কতটা কঠিন, তা একজন স্বপ্নবাজ ফিল্মমেকারই সবচেয়ে ভালো বোঝেন। চীনের এই ছবিটির ক্ষেত্রে তো সিনেমার পোস্টার বানানোর মতো অর্থও ছিল না। তারা নিজেদের হাতে ছবি এঁকে সিনেমা হলের সামনে রেখেছিলেন। অথচ আমরা অন্যের কাজের সমালোচনা কিংবা বাজে মন্তব্য করতে এক সেকেন্ডও সময় নিই না।
ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা সিনেমাকে যেভাবে টার্গেট করে ট্রল করা হয়, তারা হয়তো কখনোই বুঝতে পারবেন না একটি সিনেমা নির্মাণ করতে একজন নির্মাতা ও তার পুরো টিমকে কতটা পরিশ্রম করতে হয়।
একজন স্বপ্নবাজ ফিল্মমেকারের কাছে শুধু টাকা নয়, সবচেয়ে বড় সম্পদ হলো মেধা, সাহস, অধ্যবসায় এবং স্বপ্ন। সিনেমা ভালো হোক বা খারাপ হোক, একজন মানুষ যখন নিজের সীমাবদ্ধতার মধ্যেও একটি সিনেমা নির্মাণের চেষ্টা করেন, সেই সাহসটাকেও সম্মান করা উচিত।
তাই হার মানবেন না। চেষ্টা করে যান। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লড়াই করে যান। কারণ আজকের একটি ছোট্ট চেষ্টা হয়তো আগামী দিনের ইতিহাস হয়ে উঠতে পারে।
পরিচালক ও অভিনেতা
দ্বীন ইসলাম
❤️❤️❤️❤️
#দ্বীনইসলাম
MD Deen Islam