03/08/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সর্বস্তরের প্রিয় জনসাধারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি ত্যাগী নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা।
ইনশাআল্লাহ, আর খুব বেশি দেরি নয়। আমি ফিরে আসছি আমার প্রাণের জনপদ পার্বতীপুর-ফুলবাড়ীর মানুষের মাঝে। আপনাদের সঙ্গে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, হাটে-বাজারে দেখা হবে। আপনাদের মুখে শুনবো আপনাদের কথা, জানবো আপনাদের দুঃখ-কষ্ট, উন্নয়নের পথে যেসব বাধা রয়েছে—সেগুলোর বাস্তবসম্মত সমাধানে আমরা একসঙ্গে কাজ করবো।
সময়ের দাবি একটি সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী বিএনপি। সেই লক্ষ্যকে সামনে রেখে খুব শিগগিরই প্রতিটি ইউনিয়ন বিএনপির কমিটি নবায়ন কার্যক্রম শুরু হবে। ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটে নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। মাঠে যারা ছিলেন, সংগ্রামে যারা ছিলেন, দুঃসময়ে যারা দলের পতাকা বহন করেছেন—তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।
আমি স্পষ্ট করে বলতে চাই—দলের ভেতরে বিভেদ, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কিংবা গ্রুপিংয়ের কোনো স্থান নেই। এই সংগঠন কারও ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি হাজারো ত্যাগী নেতা-কর্মীর রক্ত, ঘাম ও আত্মত্যাগে গড়ে ওঠা একটি আদর্শের ঠিকানা। এখানে পরিচয়ের চেয়ে বড় হবে কর্ম, তোষামোদের চেয়ে বড় হবে ত্যাগ, আর পক্ষপাতের চেয়ে বড় হবে ন্যায়বিচার। কাউকে ভিন্ন চোখে নয়, সবাইকে সমান মর্যাদা ও সম্মানের সঙ্গে মূল্যায়ন করা হবে।
আমি দিনাজপুর-৫-এর সর্বস্তরের মানুষকে আহ্বান জানাই—আসুন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। একটি শক্তিশালী সংগঠনই পারে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে, উন্নয়নের পথ সুগম করতে এবং মানুষের আস্থা অর্জন করতে।
ইনশাআল্লাহ, রাজনীতিতে ত্যাগের সম্মান ফিরিয়ে আনা হবে, কর্মীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে, আর জনগণের প্রত্যাশাকে শক্তিতে রূপান্তর করেই আমরা এগিয়ে যাব।