23/07/2026
জামায়াতে ইসলামী পাকিস্তানের সেক্রেটারি জেনারেল জনাব আমীর-উল-আজীমের ইন্তিকাল গভীর শোক প্রকাশঃ ডা. শফিকুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আজ ২৩ জুলাই জামায়াতে ইসলামী পাকিস্তানের আমীর ইঞ্জিনিয়ার হাফিজ নাঈমুর রহমানের কাছে পাঠানো এক চিঠিতে জামায়াতে ইসলামী পাকিস্তানের সেক্রেটারি জেনারেল জনাব আমীর-উল-আজীমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ অসুস্থতার পর জামায়াতে ইসলামী পাকিস্তানের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আমীর-উল-আজীমের ইন্তিকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আমার নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপনাকে, মরহুমের শোকসন্তপ্ত পরিবার এবং জামায়াতে ইসলামী পাকিস্তানের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, মরহুম আমীর-উল-আজীম তাঁর জীবন ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ও উম্মাহর সেবায় উৎসর্গ করেছিলেন। ইসলামী জামিয়াত-ই-তালাবার নেতৃত্ব থেকে শুরু করে পাকিস্তান জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন পর্যন্ত তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবন ছিল অনুকরণীয়। অসুস্থতার দীর্ঘ বছরগুলোতে তাঁর ধৈর্য, সবর এবং অবিচলতা সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, মরহুমের ত্যাগ ও অবদান কবুল করে তাঁর ভুলত্রুটি ক্ষমা, মর্যাদা বৃদ্ধি এবং জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ স্থান দানের জন্য আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি। একই সঙ্গে মরহুমের পরিবার ও জামায়াতে ইসলামী পাকিস্তানের নেতাকর্মীদের এই শোক বহন করার শক্তি ও ধৈর্য দানের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি।