01/09/2026
*👮♂️ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ*
নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটনে আমরা আপনার পাশে
*সুন্দরবন ভ্রমণ ও পরিবেশ সচেতনতা নির্দেশিকা*
৩ মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে সুন্দরবন পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে । দীর্ঘ বিরতির পর সুন্দরবনের প্রকৃতি এখন অত্যন্ত সতেজ ও বন্যপ্রাণীরা স্বাধীনভাবে বিচরণ করছে। সুন্দরবনের স্পর্শকাতর পরিবেশ রক্ষা এবং আপনার নিজের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ-এর পক্ষ থেকে নিচের নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হলো।
*🟢 পর্যটকদের করণীয় (Do's)*
বনের শান্ত পরিবেশ বজায় রাখতে এবং নিজের সুরক্ষায় নিচে উল্লেখিত নিয়মগুলো কঠোরভাবে পালন করুন:
*বৈধ অনুমতি:* সুন্দরবনে প্রবেশের অন্তত ৩ দিন আগে বন বিভাগ থেকে মূল প্রবেশপত্র বা পাশ সংগ্রহ করুন ।
*নিবন্ধিত গাইড:* ভ্রমণের সময় সর্বদা বন বিভাগের সশস্ত্র ফরেস্ট গার্ড অথবা নিবন্ধিত গাইড সাথে রাখুন।
*বর্জ্য ব্যবস্থাপনা:* ব্যবহৃত সব ময়লা-আবর্জনা জলযানের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন বা ব্যাগে করে লোকালয়ে ফিরিয়ে আনুন।
*কাঠের ট্রেইল:* বনের ভেতরে হাঁটার সময় সর্বদা বন বিভাগের তৈরি কাঠের ট্রেইল (Walkway) ব্যবহার করুন, যত্রতত্র বনে ঢুকবেন না।
*নিরাপদ দূরত্ব:* বন্যপ্রাণী দেখলে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং তাদের স্বাভাবিক আচরণ ও চলাফেরা উপভোগ করুন।
*লাইফ জ্যাকেট:* জলযানে বা ছোট নৌকায় খাড়ি ভ্রমণের সময় নিরাপত্তার জন্য সর্বদা লাইফ জ্যাকেট পরে থাকুন।
*🔴 পর্যটকদের বর্জনীয় (Don'ts)*
সুন্দরবনের বাস্তুতন্ত্রের ক্ষতি এড়াতে এবং জীবন রক্ষার্থে নিচের কাজগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকুন:
*🐊 পানিতে নামা (সম্পূর্ণ নিষিদ্ধ):*
সুন্দরবনের নদী, খাল ও খাড়িগুলোতে লোনা পানির অত্যন্ত হিংস্র কুমির অবাধে বিচরণ করে। বাইরে থেকে পানি শান্ত মনে হলেও যেকোনো মুহূর্তে কুমিরের প্রাণঘাতী আক্রমণ ঘটতে পারে। তাই কোনো অবস্থাতেই জলযান থেকে নামবেন না, নদীতে গোসল করবেন না বা খাড়ির পানিতে হাত-পা ধোবেন না।
*প্লাস্টিক বর্জন:* সুন্দরবন একটি "নো প্লাস্টিক জোন"। ওয়ান-টাইম প্লাস্টিক বোতল, পলিথিন বা চিপসের প্যাকেট বনের কোথাও ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ।
*শব্দ দূষণ:* বনের ভেতর বা জলযানে মাইক, লাউডস্পিকার বা সাউন্ড সিস্টেম বাজানো এবং উচ্চস্বরে চিৎকার বা হৈচৈ করা সম্পূর্ণ নিষেধ।
*কোর এরিয়া:* বাঘের প্রজনন ও অবাধ বিচরণের জন্য সংরক্ষিত "কোর এরিয়া" বা অভয়অরণ্যে প্রবেশ করবেন না।
*খাওয়ানো ও উত্ত্যক্ত:* হরিণ, বানর বা কোনো বন্যপ্রাণীকে খাবার দেবেন না এবং ঢিল ছুড়ে বা শব্দ করে তাদের উত্ত্যক্ত করবেন না।
*অগ্নিসংযোগ ও ধূমপান:* বনের ভেতরে বা ট্রেইলে ধূমপান করা, দিয়াশলাই জ্বালানো বা ক্যাম্পফায়ার করা কঠোরভাবে নিষিদ্ধ।
*সম্পদের ক্ষতি:* বনের কোনো গাছ কাটা, পাতা বা ফুল ছেঁড়া এবং মাটি বা বালি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
*রাত্রীকালীন নিষেধাজ্ঞা:* অনুমতি ছাড়া বনের মধ্যে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে চলাচল বা অবস্থান করা যাবে না।
*📞 জরুরি যোগাযোগ (Emergency Contacts)ভ্রমণকালীন যেকোনো নিরাপত্তা ঝুঁকি বা আইনি সমস্যায় ২৪/৭ যোগাযোগ করুন:*
*ট্যুরিস্ট পুলিশ কেন্দ্রীয় হেল্পলাইন:* ১১১১ (টোল-ফ্রি)
*ট্যুরিস্ট পুলিশ হটলাইন:* ০১৩২০-২২২২২২
*ট্যুরিস্ট পুলিশ (সুন্দরবন জোন):* ০১৩২০-১৫৯৮৯৯
*জাতীয় জরুরি সেবা:* ৯৯৯
*ট্যুরিস্ট পুলিশের বার্তা:*
"আপনার সচেতনতা ও সহযোগিতাই পারে সুন্দরবনের পরিবেশ রক্ষা করতে এবং ভ্রমণকে নিরাপদ ও স্মরণীয় করে তুলতে।"