20/06/2026
সিসিএ কার্যালয় এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর অধীনস্থ EDGE প্রকল্পের যৌথ উদ্যোগে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২ টি ব্যাচে ৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ১৯-২০ জুন ২০২৬ তারিখে দুই দিনব্যাপী পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার (পিকেআই) বিষয়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক জনাব এ.টি.এম. জিয়াউল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে নিয়ন্ত্রক মহোদয় বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে পিকেআই, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের গুরুত্ব এবং পিকেআই প্রযুক্তিতে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পিকেআই, ক্রিপ্টোগ্রাফি, সার্টিফাইং অথরিটি এবং ইনফরমেশন সিস্টেম অডিট বিষয়ে অভিজ্ঞ একাডেমিয়া ও শিল্প খাতের (ইন্ডাস্ট্রি) বিশেষজ্ঞবৃন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণটি পরিচালিত হয়। উক্ত প্রশিক্ষণে পিকেআই, ডিজিটাল স্বাক্ষর এবং ক্রিপ্টোগ্রাফি বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক ও অ্যাডভান্সড লেভেলের সম্যক ধারণা প্রদান করা হয়। এর পাশাপাশি সার্টিফাইং অথরিটির কার্যক্রম, সার্টিফিকেট লাইফসাইকেল ম্যানেজমেন্ট, কী ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম এবং তথ্য সুরক্ষা সংক্রান্ত বিষয়ের উপর তাত্ত্বিক ও ব্যবহারিক আলোচনা করা হয়।
প্রশিক্ষকদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীগণ সমসাময়িক পিকেআই, ডিজিটাল স্বাক্ষর প্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনার প্রায়োগিক দিক সম্পর্কে জানতে পারেন। এছাড়াও বাস্তবভিত্তিক কেস স্টাডি ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীগণ পিকেআই প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: মিজানুর রহমান এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. (ইঞ্জি:) মো: মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় ভাইস চ্যান্সেলর মহোদয় শিক্ষার্থীদের জন্য এই যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। ভবিষ্যৎ আইটি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে সিসিএ কার্যালয় ও EDGE প্রকল্পের এই যৌথ প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।