28/07/2023
ঢাকার তিন প্রবেশমুখে কড়া তল্লাশি, বুড়িগঙ্গায় নৌ-চলাচল বন্ধের অভিযোগ
বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে বুড়িগঙ্গা নদীর বেশ কয়েকটি খেয়াঘাটে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশ সদস্যরা নৌচলাচল বন্ধ করে দিয়েছে। নৌ চলাচল কঠোরভাবে বন্ধ রাখতে নেতাকর্মী ও পুলিশ ভোর থেকে অবস্থান করছেন। শুক্রবার ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বুড়িগঙ্গার খেয়াঘাটের নৌকা চলাচল বন্ধ করে দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ। এ কারণে নদী পারাপার হতে ভোগান্তিতে পড়তে হয়েছে লোকজনকে। বিশেষ করে অসুস্থ রোগী ও রোগীর স্বজনদের পারাপারে বিঘ্ন ঘটে। অনেক অনুনয় বিনয় করার পরেও এসব নেতা অনুমতি দেরনি খেয়াঘাটের নোকাগুলোর।
তবে ঢাকা জেলা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন পুলিশের পক্ষ থেকে নৌকা চলাচলে বাধা দেয়ার অভিযোগটি সঠিক নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে, সে জন্য পুলিশ ঢাকাগামী যানবাহনগুলোতে সন্দেহজনক লোকজনকে তল্লাশি করছে। আজ সকালে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে দুপুর ১২টার পরে স্বাভাবিক হয় নৌ চলাচল। সদরঘাট-গুলিস্তান রোডে গণপরিবহন বন্ধ আছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।
ফলে এ রোডের যাত্রীদের পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। গাড়ি না থাকায় বহু লোকজনকে নিরুপায় হয়ে ফিরে যেত হয় বাসায়। ইসলামপুরের বাসিন্দা রহমান বেপারী বলেন, গাজীপুর মেয়ের বাড়িতে যেতে হবে। মেয়ে, মেয়ের জামাই ও নাতি অসুস্থ। ওদের দেখতে যাবো। বাসস্ট্যান্ডে এসে দেখি গাড়ি নেই।
সরজমিনে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর তিনটি প্রবেশমুখ কেরানীগঞ্জের বছিলা সেতুর কাছে ঘাটারচর এলাকায়, বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছে কদমতলী এলাকায় এবং ঢাকা-মাওয়া সড়কের বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকাগামী যানবাহনগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ সময় বছিলা সেতুর কাছ থেকে ১৩ জন এবং বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এলাকা ও বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ৭২ জনকে আটক করা হয়েছে। সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশিচৌকি বসিয়ে পুলিশ সন্দেহজনক যাত্রীদের মুঠোফোনে তথ্য খুঁজছে।
দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা জনি মন্ডল বলেন, আমি পুরান ঢাকার সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল মার্কেটে চাকরি করি। শুক্রবার ছুটির দিন থাকা সত্ত্বেও মালিক বলেছেন, সকাল সকাল দোকানে যেতে হবে। সকাল সাড়ে আটটায় পূর্ব আগানগর এলাকার আলম মার্কেট এলাকায় বুড়িগঙ্গার খেয়াঘাটে এসে দেখি নৌকা চলাচল বন্ধ। ঘাটে পুলিশ বসে আছে। তেলঘাট এলাকার খেয়ানৌকার মাঝি বাদল মিয়া বলেন, সকাল সাতটার দিকে তিনি ঘাটে এসে দেখেন পুলিশ বসে আছে। তিনি যাত্রী নিতে গেলে পুলিশ এসে জানায়, আজ এখানে নৌকা চালানো যাবে না। এরপর থেকে তিনি তীরে বসে ছিলেন।