04/08/2026
জাতিসংঘ মেডেল প্যারেডে বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট (BANUAU-22) কে অনন্য কৃতিত্বের স্বীকৃতি প্রদান
গত ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন United Nations Organization Stabilization Mission in the Democratic Republic of the Congo (MONUSCO)-এর ম্যান্ডেটের আওতায় সফলভাবে দায়িত্ব পালন ও মোতায়েনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট (BANUAU-22) এর জাতিসংঘ মেডেল প্যারেড যথাযোগ্য সামরিক মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে Lieutenant General Ulisses De Mesquita Gomes (Brazil), Force Commander, MONUSCO প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতিসংঘের শান্তিরক্ষা ম্যান্ডেট বাস্তবায়নে নিষ্ঠা, পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনীর এই BANUAU-22 কন্টিনজেন্ট সদস্যদের মধ্যে মর্যাদাপূর্ণ United Nations Medal প্রদান করেন। এসময়, তিনি বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট ২২- কে ডিআর কঙ্গোতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সামরিক শৃঙ্খলা, অপারেশনাল উৎকর্ষতা এবং পেশাগত নিষ্ঠার এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। এরই স্বীকৃতিস্বরূপ, BANUAU-22 এর কন্টিনজেন্ট কমান্ডার এয়ার কমডোর মোঃ এনামুল করিম, জিইউপি, এনডিসি, এডব্লিউসি, পিএসসি-এর সফল নেতৃত্বে অসাধারণ পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং দুর্ঘটনামুক্ত অপারেশনাল রেকর্ড বজায় রাখার জন্য BANUAU-22 কে ‘Force Commander’s Letter of Appreciation Certificate’ প্রদান করা হয়। এছাড়াও, অসামান্য কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা এবং মিশনের অপারেশনাল লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ BANUAU-22 কন্টিনজেন্টের তিন সদস্যকে ‘Force Commander’s Letter of Appreciation Certificate’ প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীদের এ ধারাবাহিক সাফল্য জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চমানের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও অপারেশনাল সক্ষমতার এক উজ্জ্বল প্রতিফলন।
উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট ২০০৩ তারিখ থেকে অদ্যবধি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় ডিআর কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিট Medical Evacuation (MEDEVAC), Casualty Evacuation (CASEVAC), Cargo Re-Supply, Troops Insertion and Extraction, High Delegation (VIP) Visit সহ বহুবিধ হেলিকপ্টার মিশন পরিচালনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ও নিরবচ্ছিন্ন সহায়তা প্রদান করে আসছে। গত ২২ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর এ ইউনিটের ৬,০০০ জনের অধিক সদস্য পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ সময়কালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেটের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর এই ইউনিটটি (BANUAU) আন্তর্জাতিক পরিমণ্ডলে ৩৯,০০০ ঘণ্টারও অধিক নিরাপদ উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করে একটি অনবদ্য দুর্ঘটনামুক্ত অপারেশনাল রেকর্ড বজায় রেখেছে।
~ মিডিয়া উইং