21/11/2025
রংপুর বিভাগীয় বইচক্রের ২য় পর্ব নীলফামারীতে— প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রংপুর বিভাগীয় বইচক্রের দ্বিতীয় পর্ব এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নীলফামারীতে। আইডিয়া পাঠাগারের উদ্যোগে দিনাজপুরে প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার পর নীলফামারীতে ২য় পর্ব আয়োজনকে ঘিরে অনুষ্ঠিত হলো প্রস্তুতিমূলক মতবিনিময় সভা। শুক্রবার সকাল ১১টায় নীলফামারী গণগ্রন্থাগারে অনুষ্ঠিত এই সভায় আসন্ন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন আইডিয়া পাঠাগারের তত্ত্বাবধায়ক ও প্রতিষ্ঠাতা সাকিল মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল হক, সংগঠক ও প্রধানশিক্ষক (ভারঃ) মো. হাবিব উল্লাহ বিশ্বাস এবং নীলফামারী জেলার নাসিবের সভাপতি আব্দুল মোমিন, গীতিকার নীলরতন সরকার প্রমুখ। বক্তারা বলেন, বইচক্র শুধু বই পাঠ নয়—এটি পাঠপ্রিয় শিক্ষার্থীদের একটা সাংস্কৃতিক মিলনমেলা যেখানে বইমেলা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও বিনামূল্যে বই বিনিময় কর্মসূচির মাধ্যমে পাঠচর্চাকে আরও বিস্তৃত করা হবে।
সভায় জানানো হয়, ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে বইচক্রের দ্বিতীয় পর্ব। এ উপলক্ষে গঠন করা হয়েছে বইচক্র নীলফামারী শাখার আহ্বায়ক কমিটি। কমিটিতে তত্ত্বাবধায়ক হিসেবে থাকছেন সাকিল মাসুদ, আহ্বায়ক আখতারুজ্জামান মুন্না এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সাকিল ইসলাম।
এ ছাড়াও সভায় উপস্থিত সকলে এ কমিটির সদস্য হিসেবে মনোনীত হন। তাঁদের মধ্যে—আব্দুল্লাহ আল মামুন, মাইশা পপি, আফরোজা আক্তার মিমি, মো. রাকিবুল ইসলাম রোহান, মনিশা মিনা, জবা রায়, জুবায়ের আহমেদ অনিক, নিঝুম আক্তার, সুইটি আক্তার, সিরাজুম মুনিরা, কাশপিয়া জাহান বন্না, ফারজানা আক্তার লিজা, মো. ফারুক খন্দকার, সুবাস ঋষি লিংকন, কাজী মিম, মমেদুল ইসলাম চিশতি এবং রাণী আক্তার।
আলোচনায় জানানো হয়, খুব শীঘ্রই নীলফামারীতে অনুষ্ঠিতব্য রংপুর বিভাগীয় বইচক্রের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করা হবে। আয়োজকরা আশা ব্যক্ত করেন, এ আয়োজন উত্তরবঙ্গের পাঠচর্চা, পাশাপাশি আঞ্চলিক সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য চর্চাকে আরও গতিশীল করবে এবং তরুণদের বইমুখী করে তুলবে।