22/08/2026
সবুজ সাতক্ষীরার প্রত্যয়ে মেসার্স রেজা ট্রেডার্সের উদ্যোগে গাছের চারা বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী নতুন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চেরিশ ফিডের পরিবেশক মেসার্স রেজা ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুদ রানার উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বল্লী নতুন বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির টেরিটোরি অফিসার মো. ছিদ্দিক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির ট্রেইনি টেরিটোরি অফিসার রায়হানুল ফেরদৌস এবং মেসার্স রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইব্রাহিম মুন্সী।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু চারা বিতরণ নয়, গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
মেসার্স রেজা ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, “সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।