15/08/2026
জ্ঞানকুটির পাঠাগারের প্রথম পাঠক সমাবেশ অনুষ্ঠিত
গতকাল (১৪ই আগস্ট) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার গারো পাহাড়ের পাদদেশে জ্ঞানকুটির পাঠাগার কর্তৃক পাঠক-সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পাঠাগারের সদস্যদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি, বইপাঠ প্রতিযোগিতা ও সেরা পাঠক নির্বাচিত করে পুরষ্কৃত করা হয়৷
পাঠাগারের পরিচালক জয়নাল আবেদীন জিহান এর সভাপতিত্বে উক্ত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, কবি, সাহিত্যিক, স্বেচ্ছাসেবী ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মহারশি সাহিত্য পরিষদের সভাপতি জামাল শেখ , সাধারণ সম্পাদক শামছুল হক শামিম, সহ সাধারণ সম্পাদক শাহিনুর শিমুল, শেরপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আল আমিন, আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রহমত আলী, সহকারী শিক্ষক নিধারঞ্জন কোচ, রিয়াজ মাহমুদ, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ) এর সভাপতি আবু হুরায়রা প্রমুখ৷
স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রকৃত মেধাবী হিসেবে গড়ে উঠতে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার প্রতিও জোড় দেন বক্তারা৷ অনুষ্ঠান শেষে পাঠাগারের সকল সদস্যদের একটি করে ফলের গাছ উপহার দেওয়া হয়৷ এ সময় মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শামছুল হক শামিম জ্ঞানকুটির পাঠাগারকে তার লেখা ১০টি কাব্যগ্রন্থ উপহার হিসেবে পাঠাগার পরিচালকের হাতে তুলে দেন।
উল্লেখ্য গত ১৮ই মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জ্ঞানকুটির পাঠাগার। পুসাজের তত্ত্বাবধানে পরিচালিত এই পাঠাগার ইতোমধ্যেই উপজেলায় বেশ সাড়া ফেলেছে। স্কুলগামী শিক্ষার্থীদের প্রযুক্তির এই যুগে বইমুখী করার পাশাপাশি একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে জ্ঞানকুটির পাঠাগার।