18/04/2026
সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ব্যাচ-২০২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ব্যাচ-২০২৬ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে এক আবেগঘন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আল-মদিনা টাওয়ারের লেভেল-৩ ও ৭-এ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আক্তার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ও সহ-সভাপতি দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ রাশেদুল ইসলাম, প্রিন্সিপাল মোঃ মনসুর আলী, পরিচালক পীর মোহাম্মদ, রেক্টর ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম,সাইদুর রহমান ও মাওলানা আলী হোসেন এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মহিবুল্লাহ এবং শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে তারা তাদের অনুভূতি প্রকাশ করে এবং ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করে।
সভাপতির বক্তব্যে মোঃ আক্তার হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনই নয়, বরং নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রতিষ্ঠানটিকে সোনারগাঁ উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানে কাটানো সময় তাদের জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। তারা শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করে।
শেষে সকল শিক্ষার্থীর সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।