31/10/2026
গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা শহীদ জিলু আহমদের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য, মরহুম শহীদ জিলু আহমদ (জিলু)-এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩১ অক্টোবর বিকাল ৩টায় জিলু গ্রামের বাড়িতে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিলেট জেলা যুবদলের সাবেক নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সহ -সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব এবং সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, মরহুম শহীদ জিলু আহমদ ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও রাজপথের সাহসী সৈনিক। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর ত্যাগ ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি নেতাকর্মীদের সুসংগঠিত করতে এবং গণমানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন।
বিশেষ অতিথি পিপি অ্যাডভোকেট মোমিন তার বক্তব্যে শহীদ জিলু আহমদের সামাজিক ও রাজনৈতিক অবদানের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিএনপির সকল সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মাহফিলে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।