20/06/2026
আজ ২০ জুন। পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাঙালির ভাগ্যনির্ধারক দিন।
এই ঐতিহাসিক দিনে সমস্ত রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন।
দীর্ঘ কয়েক দশক পর, এই প্রথমবার ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহান আদর্শে অনুপ্রাণিত আমাদের রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির প্রকৃত ও ঐতিহাসিক ঘটনাক্রমকে পূর্ণ মান্যতা দিয়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ সরকারিভাবে পালন করতে চলেছে।
আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আজ তার অবসান ঘটেছে। অবসান ঘটেছে ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়ের।
দুর্ভাগ্যজনকভাবে, বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোটব্যাঙ্ক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয়ের লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনও চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি বাঙালি চিরঋণী। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের মহান রাষ্ট্রনায়ককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, যাঁর দূরদর্শিতা না থাকলে আজ ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক কোনো রাজ্যের অস্তিত্বই থাকত না।
অখণ্ড বাংলাকে যখন সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার এক ভয়ঙ্কর নীলনকশা তৈরি হয়েছিল, তখন তার বিরুদ্ধে বজ্রকঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর অবিচল নেতৃত্ব, অদম্য আন্দোলন এবং দূরদর্শী ভাবনার ফলেই পাকিস্তানের করাল গ্রাস থেকে মুক্ত করে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ রাজ্যটি গঠন করা সম্ভব হয়েছিল।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ এবং সেই সকল বিশিষ্ট ব্যক্তিত্ব ও তৎকালীন পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যগণ, যাঁদের প্রচেষ্টা, দূরদর্শিতা ও ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাঁদের সকলের কাছে আমাদের এই ঋণ অপরিশোধ্য। তাঁরা যদি সেদিন বাঙালির জন্য এই নিরাপদ আশ্রয়ভূমি গড়ে না তুলতেন, তবে আজ আমাদের সংস্কৃতি, ভাষা ও অস্তিত্ব সংকটের মুখে পড়ত।
আজ পশ্চিমবঙ্গ দিবসের এই শুভক্ষণে আমরা সবাই মিলে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ও আদর্শকে পাথেয় করে এক নতুন, সুরক্ষিত এবং সমৃদ্ধিশালী পশ্চিমবঙ্গ গড়ে তোলার শপথ নিই।
জয়তু পশ্চিমবঙ্গ।
ভারত মাতার জয়। 🇮🇳