01/08/2026
📢 সামাজিক সচেতনতামূলক আলোচনা সভা সফলভাবে সম্পন্ন।
পড়শির আয়োজনে অনুষ্ঠিত সামাজিক সচেতনতামূলক আলোচনা সভা গ্রামের প্রায় ১৮০ জন সচেতন নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পড়শির সহ-সভাপতি, আমিনী রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সভাপতি এবং মশিউর রহমান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আহসানুল কবির। তিনি তাঁর বক্তব্যে গ্রামের সার্বিক উন্নয়ন, আমিনী রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক মূল্যবোধ এবং পড়শির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
পড়শির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ হাবিবুর রহমান পড়শির লক্ষ্য ও উদ্দেশ্য, সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
গ্রামের সাধারণ মানুষের পক্ষ থেকে জামশেদ আলী, আলী আহম্মদ ও ফজলুর রহমান তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। খ্রিস্টান ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি দুলাল দাস পড়শির সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং গ্রামের শিক্ষার উন্নয়ন ও সমাজ গঠনে পড়শির দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়শির ক্রীড়া সম্পাদক ও সাবেক সেনা সদস্য খায়রুল ইসলাম, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহকারী শিক্ষক কামরুজ্জামান, অফিস সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সহকারী ফিল্ড অপারেশন লিডার মোঃ ফয়সাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ মুরাদ হোসেন, পড়শির অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সকলের আন্তরিক উপস্থিতি, মূল্যবান মতামত ও সহযোগিতায় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও ফলপ্রসূভাবে সম্পন্ন হয়। একটি শিক্ষিত, সচেতন, মাদকমুক্ত ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আয়োজনে: পড়শি
স্লোগান: "তুমি আমি দুই ঘর, সুখে-দুঃখে পরস্পর।"