30/05/2026
আজ আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে। তাঁর ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাহসী, দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালের সংকটময় মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার আহ্বান বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে শক্তি ও অনুপ্রেরণা যুগিয়েছিল।
স্বাধীনতা-পরবর্তী সময়ে যখন দেশ গণতন্ত্র হীনতা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা ও অনিশ্চয়তায় নিমজ্জিত ছিল, তখন শহীদ জিয়া দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে গণতান্ত্রিক, আত্মনির্ভরশীল, উৎপাদনমুখী অর্থনীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। তিনি কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচি, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন এবং জনগণের অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তোলার মাধ্যমে একটি শক্তিশালী ও সম্ভাবনাময় বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন।
শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না; তিনি ছিলেন জনগণের নেতা। তিনি বিশ্বাস করতেন-বাংলাদেশের শক্তি এ দেশের মানুষ। তাই তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে মানুষের মত প্রকাশের অধিকার ফিরিয়ে দেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলস কাজ করেন। তাঁর প্রবর্তিত “বাংলাদেশী জাতীয়তাবাদ” দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের এক শক্তিশালী ভিত্তি হিসেবে আজও সমানভাবে প্রাসঙ্গিক।
আন্তর্জাতিক অঙ্গনেও শহীদ জিয়ার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম বিশ্ব, দক্ষিণ এশিয়া এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল ও আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
আজ তাঁর শাহাদাৎবার্ষিকীতে আমরা শুধু একজন মহান নেতাকে স্মরণ করছি না, বরং এমন এক আদর্শকে স্মরণ করছি, যা দেশপ্রেম, আত্মত্যাগ, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। শহীদ জিয়ার জীবন আমাদের শেখায়-সত্যিকারের নেতৃত্ব মানে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।
আসুন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশগঠনের দর্শনকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হই।
আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
"বাংলাদেশ জিন্দাবাদ"
নূরুল ইসলাম মণি,এমপি
মাননীয় চিফ হুইপ
বাংলাদেশ জাতীয় সংসদ
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell