27/09/2026
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে চীফ হুইপ নূরুল ইসলাম মণির শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নূরুল ইসলাম মণি, এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করায় আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত জানিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর পাঁচ দিনের সরকারি সফর শেষে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে দেশে প্রত্যাবর্তন করেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মাননীয় চীফ হুইপ জনাব নূরুল ইসলাম মণি, এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল জনাব তারেক রহমানের প্রথম অংশগ্রহণ এবং প্রথমবারের মতো সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে তাঁর বক্তব্য প্রদান। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেওয়া তাঁর ভাষণে তিনি বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা, বহুপাক্ষিকতা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, ফিলিস্তিন ইস্যু, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের পুনর্গঠন ও রূপান্তরের লক্ষ্যে Recovery, Restoration and Reconstruction—‘3-R’ কৌশল বাস্তবায়নের কথা তুলে ধরেন এবং একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
এছাড়া প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও মানবিক ইস্যুতে আয়োজিত উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।
মাননীয় চীফ হুইপ জনাব নূরুল ইসলাম মণি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা ও বৈশ্বিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ়ভাবে প্রতিফলিত হয়েছে এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
পরিশেষে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জনাব নূরুল ইসলাম মণি, এমপি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অব্যাহত সাফল্য কামনা করেন।
"Admin-post"
Bangladesh Nationalist Party-BNP Bangladesh Parliament-জাতীয় সংসদ