16/08/2026
রাষ্ট্রীয় আইন বাদ দিয়ে সামাজিক রীতিনীতির প্রতি নির্ভরশীল হওয়াটা কী পরিমাণ আত্মঘাতী সিদ্ধান্ত তা বুঝতে হলে নিচের ঘটনাটি পড়তে পারেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক কিশোরীর সাথে বিয়ে হয় একই উপজেলার এক তরুণের সাথে। দুই পরিবারের সম্মতিতে একেবারে অনুষ্ঠান আয়োজন করে বিয়ে হয়। মেয়ের বাড়িতে মেহেদি অনুষ্ঠান হয় যেখানে ছেলেও অংশগ্রহণ করেন। বিয়েতে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। বরপক্ষের ৪০ জন লোক কনের বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করে সামাজিক নিয়মকানুন অনুসারে কন্যা নিয়ে ছেলের বাড়িতে ফিরেন। এইসব গোপন কোন ঘটনা নয়। সবকিছুর ছবি আছে, আছে ভিডিও ফুটেজ।
সমস্যা হল বিয়ে রেজিস্ট্রেশন করাতে গিয়ে। মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়ার কারণে সরকারি হিসেবের খাতায় রেজিস্ট্রেশন করার জন্য অপেক্ষা করতে হল। আর সামাজিক রীতিনীতি মেনে মেয়েকে নিয়ে আসা হল বরের ঘরে। সংসার শুরু হল। সামাজিক রীতি অনুসারে মেয়ে বেড়াতে গেল বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে বরের কাছে ফিরতে চায় না। কিন্তু কেন?
দুইজনের মধ্যে মনোমালিন্য। সংসারে মনোমালিন্য থাকে। কিন্তু মধুচন্দ্রিমার সময়ে কেন মনোমালিন্য?
দুই পরিবারের সম্মতিক্রমে সামাজিকভাবে বিয়ে হলেও মেয়েটির সাথে অন্য এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল, এমনটাই বলেন ছেলের মামা।
সামাজিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে মেয়েটিকে বরের কাছে ফিরিয়ে আনা হয়। কিন্তু বেশিদিন থাকল না। আবারও চলে গেল বাপেরবাড়ি। এইবার আর মেয়ের বাপ-মাও যোগাযোগ রাখল না।
একমাস কেটে গেল। রাতেরবেলায় ছেলের বাড়িতে পুলিশ হাজির। ধর্ষণ মামলার আসামি। পুলিশ ধরে নিয়ে গেল কারাগারে।
মামলার এজহারে লেখা হল-
"গত ১৯ জুন বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশ থেকে কিশোরীকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে রুমনের বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় এবং শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করা হয়। পরদিন সকালে কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে এসে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।"
মামলার বাদী মেয়েটির দাদী। বাদী ও মেয়েটির কাছে গিয়েছিল সমকালের সাংবাদিক। দুইজনই বিয়ের কথা অস্বীকার করেন। বিয়ের ছবি ও ভিডিওর কথা বলা হলে বিষয়টা এড়িয়ে যান।
পুলিশ এখন রাষ্ট্রীয় আইনানুযায়ী মামলা নিয়ে সামনে এগুচ্ছে। হাসপাতালের রিপোর্ট অনুসারে মেয়েটি ধর্ষিত। রাষ্ট্রীয় আইনানুযায়ী বিয়ে হয়নি, যেহেতু রাষ্ট্রীয় হিসাবের খাতায় বিয়ের কোন তথ্য নাই। আবার আটারো বছর পূর্ণ না হওয়ার আগে বিয়ে করতে যাওয়ার অপরাধের বিচারও হবে সাথে!
লেখা- Harun or Rashid
#কাজী_অফিস #বিয়ে #বরিশাল_কাজী_অফিস