15/07/2026
সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
অদ্য ১৫ জুলাই ২০২৬ অপারেশন জেনারেশন-এর উদ্যোগে আয়োজিত ‘শিশুদের মাঝে ভালোবাসার উপহার’ বিতরণ অনুষ্ঠান-২০২৬ সরকারি শিশু পরিবার (বালিকা), ভোলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে অদ্য অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এঁর প্রদত্ত বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রত্যেক শিশুকে অন্তত একটি করে বৃক্ষরোপণ এবং তার নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। তিনি বলেন, "আজ তোমরা যে চারাটি রোপণ করবে, তার যত্ন নেবে। তোমাদের সঙ্গে সঙ্গে গাছটিও বড় হবে, বিকশিত হবে। একসময় সেই গাছ যেমন পরিবেশ, প্রকৃতি ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে, তেমনি তোমরাও সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" তিনি আরও বলেন, শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং পরিবেশ সংরক্ষণের চেতনা গড়ে তোলাই একটি উন্নত ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের অন্যতম পূর্বশর্ত।
বক্তব্য শেষে প্রধান অতিথি সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ভালোবাসার উপহার হিসেবে গিফট বক্স বিতরণ করেন। এ সময় শিশুদের উচ্ছ্বাস ও আনন্দময় উপস্থিতি অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি করে।
পরবর্তীতে জেলা প্রশাসক প্রতিষ্ঠান প্রাঙ্গণে কয়েকটি বৃক্ষের চারা রোপণ করেন। তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণেরই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ অঙ্গীকার। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি-এর প্রতিনিধিবৃন্দ, সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মিডিয়া সেল
জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা।