06/09/2026
‘৩৬ জুলাই মাধ্যমিক পর্যায় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
চ্যাম্পিয়ন সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, রানার্সআপ চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুল
চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ‘৩৬ জুলাই মাধ্যমিক পর্যায় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর, শনিবার আর-ইসরা হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরের সরকারি-বেসরকারি স্কুল ও মাদরাসার ডিবেটিং ক্লাবগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগস্ট মাসজুড়ে প্রতিযোগিতার চারটি ট্যাব রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় প্রতিযোগিতার সেরা দুটি দল।
ফাইনালের মোশন ছিল— “এই সংসদ মনে করে, বর্তমান শিক্ষাব্যবস্থা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গঠনে ব্যর্থ।”
ফাইনালে মোশনের বিপক্ষে শক্তিশালী ও তথ্যনির্ভর যুক্তি উপস্থাপন করে বিরোধী দল। বিচারকদের রায়ে মোশনের প্রস্তাব গৃহীত হয়নি। ফলে GMHS DS (সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে CIHS DS (Paradox), চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুল রানার্সআপ হয়।
চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা ও মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ও শেখ মুজিবুর রহমান হল সংসদের নির্বাচিত ভিপি মোহাম্মদ মুসলিমুর রহমান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক।
প্রতিযোগিতার সমাপনী পর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল, আইডিয়াল দল, সেরা বিতার্কিক এবং ফাইনালের সেরা বিতার্কিকদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।