25/08/2026
যার মৃত্যুতে কোনো শোক মিছিল হবে না,
হবে না মানববন্ধন, জ্বলবে না মোমবাতি,
তার কফিনও যাবে না কোনো শহীদ মিনারে।
হবে না গোলটেবিল বৈঠক, হবে না বক্তৃতা।
ক্যামেরার সামনে কেউ দাঁড়িয়ে বলবে না -
“আমরা গভীরভাবে শোকাহত।”
অথচ এই মানুষটিই প্রতিদিন
আমাদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা নিজের শরীরে মেখে
নেমে যান কালো পানির ম্যানহোলে-
মালিকানাবিহীন এই ঢাকা শহরটাকে
একটু বাসযোগ্য রাখতে।
তার কোনো পরিচয় নেই,
ক্ষমতার ছায়া নেই,
ভাইরাল হওয়ার মতো কোনো গল্পও নেই।
তাই তার এই মৃত্যুও হয়তো
একটি ছোট্ট সংবাদ হয়ে
হারিয়ে যাবে শহরের ব্যস্ততার ভিড়ে।
বিচারহীন রাষ্ট্রে-
যে মৃত্যু ক্ষমতাবানদের অস্বস্তিতে ফেলে না,
যে মৃত্যুর বিচারে রাজনীতির কোনো লাভ নেই,
সে মৃত্যুর বিচারও
সহজে আসে না।
তবু লিখে রাখি।
রাষ্ট্রের কানে এই প্রতিবাদ পৌঁছাবে কি না জানি না,
তবুও প্রতিবাদ থাকুক।
কারণ,
যে মানুষটি আমাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে
নিজের জীবন হারান,
তার মৃত্যুকেও যদি আমরা ময়লার মতো সরিয়ে দিই,
তবে নোংরা শুধু এই শহর নয় -
নোংরা হয়ে যাই আমরাও।
একজন নিম্নবিত্ত ওয়াসা কর্মচারীর
এই নির্মম মৃত্যুর প্রতিবাদ জানাই।