09/01/2024
রাজ্যে নতুন রাজা নির্বাচিত হয়েছে ৷ পশুশালার হাতি, ঘোড়া, ভেড়া, মহিষ, গরু, কুকুর সবাই আনন্দে মাতোয়ারা ৷ আনন্দে কারো চোখে ঘুম নেই ৷ ব্যতিক্রম শুধু গাধা সে নাক ডেকে ঘুমোচ্ছে ৷ এই ঘুমানোটাই গাধার জন্য কাল হলো ৷
পশুশালার কেউ বলতে লাগলো গাধা রাজদ্রোহী ৷ কেউ বলতে লাগলো দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম, রক্ষকদের ভক্ষক হওয়া, মূদ্রার অবনতি, জ্বালাও পোড়াও, সুদ, ঘুষ, দূর্নীতি সহ রাজ্যে যত মহামারী দেখা দিচ্ছে সব কিছুর পেছনে গাধার ঠ্যাং আছে ৷ কেউ কেউ আবার গাধাকে পরাজিত অপশক্তির সহযোগী যুদ্ধাপরাধী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলাতে চাইছে ৷
রাত পেরিয়ে সকাল হলেই গাধাকে টেনে হিঁছড়ে রাজদরবারে হাজির করে পশুশালার সব পশু নিজেদের গোলামীর পুরষ্কার গ্রহণ করার জন্য উদগ্রীব হয়ে আছে ৷ সকাল হতেই গাধা দেখে তার খোঁয়াড়ের সামনে বড়ো বড়ো পশুরা জড়ো হয়েছে ৷
এত বড়ো বড়ো পশুদের দেখে গাধা প্রথমে ঘাবড়ে গেলো ৷ তাদের একত্রিত হওয়ার হেতু জানতে পেরে সে ভয়ে ভয়ে হাতিকে জিজ্ঞেস করলো, "মহামান্য হাতি সাহেব, নতুন রাজা কি আপনাকে গাছের গুড়ি টানা থেকে অব্যাহতি দিবে?"
হাতি বললো, "না, তা দিবেন কেন? আমার কাজতো আমাকে করতেই হবে ৷"
ঘোড়াকে জিজ্ঞেস করলো, "ঘোড়া ভাই, আপনাকে কি এখন থেকে যুদ্ধে না নিয়ে ঘরে বসে বসে ঘাষ খাওয়াবে?"
ঘোড়া বললো, "তা তো অসম্ভব! আমাকে ছাড়া যুদ্ধই চলবে না ৷"
ভেড়াকে জিজ্ঞেস করলো, "তোর শরীরের পশম দিয়া পোষাক তৈরী কি বন্ধ করে দিবে?"
ভেড়া বললো, "আমার পশম দিয়া পোষাক তৈরি না করলে জনগণের শীত কাটবে কিভাবে?"
মহিষকে বললো, "তোমার কি হাল-চাষ করা লাগবে না?"
মহিষ বললো, "হাল-চাষ না করলে রাজ্যে খাদ্য উৎপাদন হবে নাতো ৷"
গরুকে বললো, "মানুষের জন্য না রেখে তোমার বাচ্চাকে কি সবটুকু দুধ খেতে দিবে?"
গরু বললো, " দুধ না খেলে জনগণের শরীরের পুষ্টি চাহিদা পূরণ হবে না ৷"
কুকুরকে বললো, "তোর কি আর পাহারা দেওয়া লাগবে না?"
কুকুর বললো, "আমার কাজইতো পাহারা দেওয়া ৷"
এরপর গাধা বললো, "সবাইকে যখন যার যার কাজ করতে হবে, তখন এত আনন্দিত হওয়ার কী আছে আমার মতো গাধার মাথায় আসে না ৷ আমি জানি, সকালে উঠেই আমাকে বোঝা বইতে হবে, তাই সাময়িক আনন্দ করে রাতের ঘুমটা নষ্ট করতে চাইনি ৷"