27/08/2025
জন্ম নিবন্ধন ছাড়া মিলবে না ১৯টি সরকারি সেবা।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে যে ১৯টি নাগরিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে সরকার জন্মসনদ বাধ্যতামূলক করেছে সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, শিক্ষা, চাকরি, ভোটার আইডি কার্ড, বিদ্যালয়ে ভর্তি, চাকরির নিয়োগ, উচ্চতর শিক্ষা, স্বাস্থ্যসেবা, টিকা, সম্পদ ক্রয়, বিক্রয়, সম্পদ হস্তান্তর, ব্যাংক হিসাব খোলা, বিমা সুবিধা প্রাপ্তি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং সরকারি যেকোনও সুবিধা পেতে হলে জন্মসনদ থাকতে হবে।
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা নাজিউর রহমান নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবো। তাই পাসপোর্ট করতে এসেছি। কিন্তু বয়স প্রমাণের জন্য জন্মসনদ লাগবে বলে ফিরিয়ে দিয়েছে। আমি এনআইডি দিয়েছি, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দিয়েছি। সেখানেও জন্মতারিখ আছে। কিন্তু তাতে নাকি কাজ হবে না, অনলাইন জন্মসনদ লাগবে।’
তিনি বলেন, ‘পাসপোর্টের জন্য এটি যে বাধ্যতামূলক করা হয়েছে তা জানতাম না। আগে থেকে জানা থাকলে সেটি প্রস্তুত করেই নিয়ে আসতাম। বিষয়টি সবাইকে অবহিত করা প্রয়োজন, নতুবা মানুষ হয়রানির শিকার হবেন।’
জানতে চাইলে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতা সংস্থা গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবার জন্য জন্মসনদ নিশ্চিত করতে হলে এটি প্রাপ্তির ক্ষেত্র প্রসারিত করতে হবে। শুধু স্থানীয় সরকারে নয়, আইন সংশোধন করে জন্ম ও মৃত্যুনিবন্ধনের দায়িত্ব আইনগতভাবে স্বাস্থ্যসেবাকেন্দ্রকে দেওয়া গেলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যেই শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে।’