01/10/2025
বিড়ালকে কি আসলেই ভাত খাওয়ানো উচিৎ?
আসুন তার আগে বিড়াল সম্পর্কে একটু জেনে নেই।
মানুষের তুলনায় বিড়ালের স্বাদ বোঝার ক্ষমতা অনেক কম। আমাদের জিভে প্রায় ৯,০০০ টেস্ট বাড থাকে, কিন্তু বিড়ালের মাত্র ৪৭৩টা। এই টেস্ট বাড বা স্বাদ গ্রহণ করার ক্ষুদ্র অংশ জিভের আগা আর পাশের দিকে বেশি থাকে। জিভের পেছনের দিকে আবার বিশেষ ধরনের কাপ-আকৃতির অংশ থাকে।
বিড়াল টক, তিতা আর নোনতা স্বাদ বুঝতে পারে। কিন্তু তারা একদমই মিষ্টি স্বাদ পায় না। কারণ প্রকৃতিতে তারা কেবল মাংস খেয়ে বেঁচে থাকে, তাই মিষ্টি বোঝার দরকারও নেই।
তাদের জিভটা একটু খসখসে আর ছোট ছোট কাঁটার মতো দাঁতের মতো অংশে ভরা। এই জিভ দিয়েই তারা শিকার থেকে লোম বা পালক তুলে ফেলে, হাড় থেকে মাংস চেটে নেয় আর নিজের শরীর পরিষ্কার করে। পানি খাওয়ার সময়ও জিভটা এক ধরনের চামচের মতো কাজ করে—একসাথে কয়েকবার চেটে নিয়ে তারপর গিলে ফেলে।
বিড়ালের স্বাদের অনুভূতি কম হলেও ঘ্রাণশক্তি (smell) অনেক তীব্র। আসলে স্বাদ আর ঘ্রাণ দুইটাই তাদের মস্তিষ্কের একই জায়গায় কাজ করে। এজন্য ঠান্ডা খাবারের চেয়ে হালকা গরম বা গন্ধ বের হওয়া খাবার বিড়ালের কাছে বেশি আকর্ষণীয় লাগে।
বিড়ালের মৌলিক পুষ্টি চাহিদা
বিড়ালকে Obligate Carnivore বলা হয়, মানে তারা একদমই মাংসাশী। বনে তাদের প্রাকৃতিক খাবার ছিলো ইঁদুর। একেকটা ইঁদুরে থাকে প্রায় ৪০% প্রোটিন, ৫০% চর্বি (ফ্যাট), আর মাত্র ৩% কার্বোহাইড্রেট।
বিড়ালের শরীর কুকুরের চেয়ে ২-৩ গুণ বেশি প্রোটিন চায়। তাই বিড়ালকে কখনও কুকুরের খাবার দেওয়া যাবে না—এতে তাদের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যাবে না। অনেকেই বাসায় কুকুর আর বিড়াল একসাথে রাখেন। সেক্ষেত্রে অবশ্যই একজনের খাবার অন্য জনের নাগালের বাইরে রাখতে হবে।
তাদের শরীর প্রোটিন আর ফ্যাট ভেঙে শক্তি নেয়, কার্বোহাইড্রেট নয়। এজন্য অসুস্থ অবস্থায় যদি বিড়াল খাওয়া কমায়, খুব দ্রুতই প্রোটিনের ঘাটতি হয়ে যায়। প্রাপ্তবয়স্ক বিড়ালের খাবারে ন্যূনতম ২৬% প্রোটিন থাকা দরকার। আর ফ্যাট দরকার অন্তত ৯%, কারণ এটা শুধু শক্তিই দেয় না, বরং স্নায়ুতন্ত্র, ত্বক ও শরীরের নানা প্রক্রিয়ার জন্যও দরকার।
কার্বোহাইড্রেট বিড়ালের শরীর খুব ভালোভাবে হজম করতে পারে না, কারণ তাদের এনজাইম (amylase) কম। তাই বেশি কার্বোহাইড্রেট খেলে প্রোটিন হজম কম হয় আর রক্তে সুগারের মাত্রাও বেড়ে যায়।
তাহলে আমরা যারা বিড়াল কে মাছ বা মাংসের সাথে ভাত আর আলু মিশিয়ে খাওয়াই তারা মোটেও ঠিক করছি না। বিড়ালের জন্য কার্বোহাইড্রেট এড়িয়ে চলাই ভালো।
তথ্যসূত্র : Cat Owner’s Home Veterinary Handbook (chapter 18: page 491)
Authors: Debra M. Eldredge, DVM; Delbert G. Carlson, DVM; Liisa D. Carlson, DVM; James M. Giffin, MD
Edited by Beth Adelman
Edition: Third Edition
Publisher: Wiley Publishing Inc. 111 River Street, Hoboken, New Jersey 07030, USA
Publication Year: 2007