13/08/2026
জুলাই যোদ্ধাদের জন্য নতুন শিল্প/ব্যবসায় প্রতিষ্ঠার উপায়” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ ১৩ আগস্ট ২০২৬ তারিখে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেনজীর আহমেদ, চেয়ারম্যান, বিসিক, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ ফরহাদ আহম্মেদ, অধ্যক্ষ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আজাদ হোসেন, প্রধান অনুষদ সদস্য; জনাব জিন্নাত আরা, ঊর্ধ্বতন অনুষদ সদস্য; জনাব মুনিরা মান্নান, সহযোগী অনুষদ সদস্য এবং জনাব জোনায়েত হোসেন, সহকারী অনুষদ সদস্য—শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ, বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, উত্তরা, ঢাকা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের বাবা জনাব মীর মোঃ মোস্তাফিজুর রহমান এবং শহীদ আবু সাঈদের ভাই জনাব আবু হোসেন। তাঁদের উপস্থিতি প্রশিক্ষণার্থীদের জন্য ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও তাৎপর্যপূর্ণ।
জুলাই যোদ্ধাদের দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তবমুখী ধারণা প্রদানের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যবসায়িক আইডিয়া নির্বাচন, ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, অর্থায়ন ও হিসাব ব্যবস্থাপনা, আইনগত বিষয় ও প্রয়োজনীয় নিবন্ধন, বিপণন ও ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, AI-এর ব্যবহার এবং ই-কমার্স ও অনলাইন ব্যবসা পরিচালনাসহ উদ্যোক্তা উন্নয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা জুলাই যোদ্ধাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, নতুন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।
বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ বলেন, “জুলাই যোদ্ধাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিসিক সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আমাদের সামর্থ্যের পরিধির সর্বশেষ প্রান্ত পর্যন্ত আমরা জুলাই যোদ্ধাদের জন্য চেষ্টা করব। তাঁদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
জুলাই যোদ্ধাদের দক্ষ, সফল ও আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ হোক নতুন শিল্প ও ব্যবসা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান এবং সমৃদ্ধ বাংলাদেশের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
#জুলাইযোদ্ধা #উদ্যোক্তা_উন্নয়ন #বিসিক #নতুনশিল্প #ব্যবসা_প্রতিষ্ঠা