07/03/2026
দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলো সেইফ ফাউন্ডেশন
দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন সেইফ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর নার্সিং শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ একটি Student Education Sponsorship Agreement স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় নার্সিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী মোছা. সুমাইয়া আক্তার রিয়ার চার বছর মেয়াদি Bachelor of Science in Nursing কোর্সের জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে। এই অর্থ সরাসরি কলেজের ব্যাংক হিসাবে জমা দেয়া হবে।
সেইফ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শিব্বির হোসাইন রিতুন, সমাজসেবা সম্পাদক রিয়াদুল ইসলাম এবং অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন।
অন্যদিকে কলেজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের চেয়ারম্যান এবং প্রান-আরএফএল গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উজমা চৌধুরী দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সেইফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন।
সেইফ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।