17/08/2026
বাংলাদেশ জাসদ অফিসে পুলিশ কর্তৃক অনুষ্ঠান পন্ড করা এবং ধানমন্ডিতে মব সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
গত ১৫ আগস্ট ২০২৬ তোপখানা রোডস্থ বাংলাদেশ জাসদ-এর কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে পুলিশি বাধা ও পন্ড করে দিয়েছে। পুলিশ অনুষ্ঠান শুরুর আগে থেকে কার্যালয়টি দখল করে রাখে। এছাড়াও ঐদিন ধানমন্ডিতে মব সন্ত্রাসে জনগণকে হেনস্তা ও পুলিশে সোপর্দ করা হয়েছে। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট আজ ১৭ আগস্ট ২০২৬, সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ কর্তৃক বাংলাদেশ জাসদের কর্মসূচি পন্ড করা এবং ধানমন্ডিতে মব সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনারবাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন আল রশীদ এক যৌথ বিবৃতিতে বলেন, রাজনৈতিক দলের অফিসে পুলিশ দিয়ে কর্মসূচি পালনে বাধা দেওয়ার ঘটনা বিগত ফ্যাসিবাদী শাসনের কথাই স্মরণ করিয়ে দেয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোন ব্যক্তি বা সংগঠন, দল কোন্ ব্যক্তিকে শ্রদ্ধা নিবেদন করবে ভালোবাসবে কিংবা শ্রদ্ধা করবেনা বা ভালেবাসবেনা, কি কর্মসূচি পালন করবে বা করবেনা তা নিতান্তই যেকোন ব্যক্তি বা সংগঠনের স্বাধীন মত প্রকাশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। রাষ্ট্র এক্ষেত্রে কোন বাধা বা বল প্রয়োগ করতে পারে না। অথচ সরকার বাংলাদেশ জাসদ-এর অনুষ্ঠানে বাধা প্রদান ও পন্ড করা এবং ধানমন্ডিতে মব সন্ত্রাস ও গ্রেফতার করে সেই অধিকার হরণ করেছে। এছাড়া মবকেও সরকার প্রশ্রয় দিচ্ছে। বাংলাদেশ জাসদ নির্ধারিত অনুষ্ঠানের খবর আগে জানালেও সরকারের দিক থেকে কোন পূর্ব সতর্কতা না জানিয়ে বা আলাপ না করে পুলিশ দিয়ে জোরপূর্বক তাদের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য করেছে। সরকারের এই ভূমিকা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ।
নেতৃবৃন্দ আরও বলেন, ’২৪ এর গণঅভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কিন্তু মানুষের সে আশা দুরাশায় পরিণত হতে চলেছে। এক স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তে জনগণ আরেকটা স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চায়নি। কিন্তু বর্তমান সরকারের আচরণে জনগণের সেই আকাঙ্ক্ষা প্রতি মূহুর্তে হোঁচট খাচ্ছে। ফলে হতাশা বাড়ছে। মতামত প্রকাশের স্বাধীনতা খর্ব করলে তা জনগণের সংহতি বিনষ্ট করে এবং অগণতান্ত্রিক অন্ধকারের শক্তিকে পুষ্ট করে। এর ফলাফল আমরা বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি।
নেতৃবৃন্দ অবিলম্বে বাংলাদেশ জাসদ-এর অফিসে অনুষ্ঠান পন্ড করা এবং ধানমন্ডিতে মবের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।
বার্তা প্রেরক
রাজেকুজ্জামান রতন
সহকারী সাধারণ সম্পাদক, বাসদ কেন্দ্রীয় কমিটি।
০১৭২৬৫০০৭২১
বিবৃতি/ ১৭ আগস্ট ২০২৬