28/08/2026
বিপ্লবী ছাত্র মৈত্রী, দিনাজপুর শাখার আহ্বায়ক কমিটি গঠন
২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার চেহেলগাজী ঈদগা ময়দানে বিপ্লবী ছাত্র মৈত্রী, দিনাজপুর জেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়। মিঠুন রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাজমুস্ সাকিব। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তৈয়ব ইসলাম।
সভায় সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়াবলি এবং দেশের শিক্ষা অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী রাজনীতির আস্ফালন, প্রাতিষ্ঠানিক প্রভাব ও আধিপত্য বিস্তারের প্রবণতা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করছে। একইসঙ্গে ভিন্নমতাবলম্বীদের ওপর ধারাবাহিক মব সহিংসতা, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও কর্মসংস্থানের সংকট শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি করেছে। বেকারত্বের সংকট নিরসনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। সভায় ফুলবাড়ির কয়লা খনিকে কেন্দ্র করে দেশীয় শাসক ও সাম্রাজ্যবাদী চক্রান্ত বিষয়ে আলোকপাত হয়। রাষ্ট্রপক্ষ উন্নয়নের কথা বলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তলনের পায়তারা চালাচ্ছে। কোনোভাবেই জল-জমি ও প্রাণ প্রকৃতি ধ্বংস করে কয়লা উত্তলন করতে দেয়া হবে না।
তারা আরও বলেন গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে কোনো গুণগত পরিবর্তন ঘটেনি। বরং জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার পরিপন্থী কার্যক্রম ইন্টারিম থেকে বিএনপি সরকার এখনো চলমান রাখছে। অন্তর্বর্তীকালীন সরকারের দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি এবং পরবর্তীতে নির্বাচিত সরকার ও বিরোধী দলগুলোর অবস্থানেও এ প্রশ্নে মৌলিক কোনো পার্থক্য দেখা যায়নি। ফলে এই চুক্তি বাতিলসহ গণবিরোধী নীতির বিরুদ্ধে সংগ্রামের কোনো বিকল্প নেই। গণসংগ্রামের মাধ্যমেই মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। বর্তমান নির্বাচিত সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাত, যেমন জ্বালানি, রেলওয়ে ও ঔষধ খাতকে বেসরকারীকরণের দিকে এগিয়ে নিয়েছে। এর মধ্য দিয়ে সরকার মূলত জনস্বার্থের পরিবর্তে নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর মুনাফা তৈরির ক্ষেত্র প্রস্তুত করেছে।
সভায় সর্বসম্মতিক্রমে নাজমুস্ সাকিবকে আহ্বায়ক এবং মিঠন কুমার রায় ও জীবন রায়কে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
আহ্বায়ক: নাজমুস্ সাকিব
যুগ্ম-আহ্বায়ক: মিঠুন কুমার রায়, জীবন রায়
সদস্য: শুভ রায়, পল্লব রায়, পবিত্র রায়, আরফিন আমিন আদিপ, পরিচয় রায়, রতন রায় এবং ইসমাইল হোসেন।
বার্তা প্রেরক,
মিঠুন কুমার রায়
যুগ্ম আহ্বায়ক, দিনাজপুর জেলা কমিটি।