05/11/2026
ফেসবুকে পুলিশের মা-বোনকে নিয়ে নোংরা গল্প বন্ধের 'নিনজা' টেকনিক!
ইদানীং দেখা যায়, পুলিশ কর্তৃক কোনো অন্যায্য আচরণের শিকার হলে, কিংবা অন্য কাউকে এমন আচরণের শিকার হতে দেখলে ক্ষুব্ধ লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের মা-বোনদের ইজ্জতসম্ভ্রমকে প্রশ্নবিদ্ধ করে অশালীন ইঙ্গিতমূলক কয়েকটি গল্প পোস্ট-কমেন্ট করে থাকেন।
এরকম একটি গল্পে দেখা যায়, এক মহিলার বিয়ের আগের (অবৈধ) সন্তানটি নাকি পুলিশ হয়েছে, আর বিয়ের পরের (বৈধ) সন্তানটি হয়েছে ডাক্তার। (ইঙ্গিতটি পরিষ্কার যে, পুলিশেরা সব জারজ সন্তান)। আরেকটা গল্পের ভাষ্য এমন যে, একজন অবলা নারীকে রেললাইনের চিপায় ফেলে বহু পুরুষ মিলে ধর্ষণ করার মাধ্যমেই নাকি একেকজন পুলিশকে জন্ম দেওয়া হয় (বুঝানো হলো, পুলিশদের বাপের কোনো ঠিক নেই)।
অনুমান করি, যুগযুগ ধরে দৈনন্দিন জীবনে পুলিশের মাধ্যমে সাধারণ জনগণ যে অবর্ণনীয় ও অপ্রতিকারযোগ্য কষ্টগুলো পেয়ে আসছেন, সেটা থেকে উৎসারিত তীব্র ঘৃণার অনুভূতিই অশালীন ইঙ্গিতযুক্ত এসব গল্পের সূতিকাগার। মানুষ যখন দেখে যে, দীর্ঘসময় ব্যাপী চলমান অন্যায়ে তারা চরম ক্ষতিগ্রস্ত, কিন্তু পরিস্থিতি পরিবর্তনে তাদের হাতে করার মতো তেমন কিছুই নেই, তখনই তারা আপাতদৃষ্টে 'অসভ্য' এসব কন্টেন্টের মাধ্যমে পরোক্ষ প্রতিবাদের পথ বেছে নেন।
সরকারি চাকরি করতে এসে পরিবারের সদস্যদের, বিশেষত নিজের মা'কে নিয়ে, সম্পর্কে চরম অবমাননাকর এসব গল্প প্রচারিত হতে দেখে আমরা পুলিশ সদস্যরা নিঃসন্দেহে যারপরনাই মনকষ্ট অনুভব করি। বোকাসোকা দুয়েকজন পুলিশ সদস্য বা তাদের স্বজন এর প্রতিবাদ করে কিছু বললেই ক্ষুব্দ লোকজন হা রে রে করে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এসব বিরুদ্ধ-মন্তব্যে গল্পের ওজন ও প্রচার বাড়ে বৈ কমে না।
সব দেখে দুঃখ পাওয়ার পাশাপাশি আমাদের অনেকের ভাবনার জগতে প্রায়শ উঁকি দেয়, কী করলে আমাদের আবেগ-ভালবাসার জায়গা আমাদের পরিবারকে নিয়ে, আমাদের পেশাগত পরিচয়, আমাদের পবিত্র ইউনিফর্মটিকে জড়িয়ে এমন নিষ্ঠুর কথা আর শুনতে পাওয়া যাবে না, এমন বেদনাদায়ক গল্প বানাতে বা প্রচার করতে দেখা যাবে না? কিভাবে কাজ করলে কষ্ট দেওয়ার বদলে লোকজন সবসময় আমাদেরকে সম্মান দিবেন, ভালবাসবেন। আমাদের মৃ*ত্যুতে আলহামদুলিল্লাহর বদলে ইন্না-লিল্লাহ পড়বেন ইত্যাদি ইত্যাদি। আমরা যতই এড়িয়ে যেতে চাই, অন্তত গত দু-তিন দশক ধরে পুলিশের প্রতি মানুষের প্রবল ঘৃণাই আজকের চরম বাস্তবতা। একশ জনের মধ্যে নিরানব্বই জন মানুষের মন্তব্যকে যখন একই গতিধারা অনুসরণ করতে দেখা যায়, তাকে নেহায়েত 'কতিপয় দুষ্কৃতকারীর অপপ্রচার' বলে উপেক্ষা করা সন্দেহাতীতভাবে সেই বাস্তবতার অপলাপ হিসেবে পরিগনিত হবে।
যাহোক, বিভিন্ন সরকারের আমলে, বিভিন্ন পরিস্থিতিতে একইভাবে চলমান এই প্রবণতা থেকে মুক্তির উপায় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও অবশ্যই ভাবেন। বলাবাহুল্য, পুলিশের আচরণ ও পেশাদারত্বকে উন্নত করা, পুলিশের প্রশিক্ষণকে আরো যথাযথ করা, অন্যসকল পেশার বৈসাদৃশ্যক্রমে মেধা ও শারীরিক যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি পারিবারিক প্রেক্ষাপট ও সুনাম যাচাই করে পুলিশে নিয়োগের বিধান করা, পুলিশে অবৈধ আদেশ দান ও এর প্রতিপালনের পথ চিরতরে রুদ্ধ করা এবং সর্বোপরি পুলিশ থেকে দুর্নীতিবাজদেরকে ঝেঁটিয়ে বিদায় করাই হলো পুলিশ-জনতার মধ্যে বিশ্বাস-ভালবাসার সম্পর্ক প্রতিষ্ঠা এবং ফলত জনসাধারণের এসব দুঃখজনক মন্তব্য ও নেতিবাচক অনুভূতি কমাতে কমাতে একসময় শুন্যের কোঠায় নামিয়ে আনার একমাত্র পথ।
জনগণের আপাত-কটূ কথায় রাগ-অভিমান করা নয়, নিজেদের লুপহোলস অনুধাবন করা এবং সেটার প্রতিবিধান নিশ্চিতের মধ্যেই লুকিয়ে আছে জনতার ট্যাক্সের পয়সায় লালিত পুলিশের জনতার ভালবাসায় ফেরার গোপন সূত্র। সরকার বাহাদুরের কাছে করজোড় মিনতি, পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য, পুলিশের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য আপনারা অনেক কিছুই করেছেন-করছেন। যেহেতু সমাজেই আমাদের বসবাস করতে হয়, চলতে হয়, আমাদের সায়-সম্মানের সঙ্গে গভীরভাবে যুক্ত এ বিষয়গুলো যদি দয়া করে একটু বিবেচনা করতেন।
এই বাস্তবানুগ প্রক্রিয়ার বাইরে আজ আমি এক্ষেত্রে শতভাগ কার্যকর হতে পারে, এমন একটি টেকনিকের কথা (ফেসবুকারেরা যাকে বলেন নিনজা টেকনিক) বলে যাই। মজার ছলে বলছি, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তবে এটা অনুসরণ করলে পুলিশের মা-বোনকে নিয়ে অশালীন গল্প বলা দূর কি বাত, আমি নিশ্চিত, তা কেউ কল্পনাতে আনতেও ভয় পাবেন। গুল্লি মিস হলেও আমার টেকনিক মিস হবে না কিন্তু। আসুন জেনে নেই তাহলে।
যারাই পুলিশকে নিয়ে অপমানকর গল্প-মন্তব্য-বক্তব্য ইত্যাদি বলবেন, পুলিশের মা-বোনকে পতিতা ইত্যাদি সাব্যস্ত করে মন্তব্য করবেন, পুলিশের কোনো অপেশাদার আচরণের কথা উল্লেখ করে এজন্য পুলিশকে পিলারের সাথে ঝুলিয়ে রাখা ইত্যাদি সঠিক হয়েছিল এবং ভবিষ্যতে উপযুক্ত সময়ে সেটা আবারও করা হবে মর্মে মন্তব্য করবেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে পুলিশে চাকরি দিয়ে দিতে হবে।
কয়েকবছর চাকরি হয়ে যাওয়ার পর এই ব্যক্তিদেরকেই ফের জিজ্ঞেস করতে হবে যে, এই সময়ের মধ্যে পুলিশ হিসেবে আপনি যা যা করেছেন বা যা আপনাকে করতে হয়েছে, তার সবকিছু আপনার ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করেছিল কিনা? ১৮৬১ সালে প্রতিষ্ঠা লাভের পর হতে অদ্যাবধি পুলিশ কর্তৃক সংঘটিত যত অন্যায়-অপরাধ, যত গণবিরোধী পদক্ষেপ, তার পেছনের কারণ একটাই- পুলিশে দুর্নীতির অবাধ বিস্তার এবং সেই দুর্নীতি অব্যাহত রাখা ও দুর্নীতিলব্ধ সম্পদ নির্বিঘ্ন-ভোগের স্বার্থে অবৈধ আদেশের প্রশ্নহীন ও সাগ্রহ প্রতিপালন। গভীরভাবে রাষ্ট্রীয় নীতির সঙ্গে যুক্ত এ দুটি বিষয় বন্ধের ক্ষমতা আপনার, এমনকি আপনার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও আছে বা ছিল কিনা? যেসব ঘটনাকে কেন্দ্র করে আপনি পুলিশ মানেই সব জারজ সন্তান বলে পোস্ট করেছিলেন, সে বিষয়ে আপনার বর্তমান মূল্যায়ন কী?
আরো জিজ্ঞেস করা যে, ওইরকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকারের তরফ থেকে যদি পুলিশের বদলে বেছে বেছে সমাজের অন্য ভালো মানুষগুলো, যথা হুজুর, ইমাম, পুরোহিত, ভান্তে প্রভৃতি মহানপেশাজীবীকে দায়িত্ব দেওয়া হতো, তারা কি দুঃখজনক কোনো ঘটনা শতভাগ এড়িয়ে সরকার প্রদত্ত দায়িত্বটি প্রতিপালন নিশ্চিত করতে সক্ষম হতেন?
সাবেক গল্পবলিয়ে (নতুন পুলিশ) লোকগুলোর কাছ থেকে এসব প্রশ্নের যে জবাব পাওয়া যাবে, তা নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার ব্যবস্থা করলেই অন্যরা নিশ্চিত সোজা। বিশ্বাস করুন,এই জবাবগুলোর মধ্যে এমন কিছু থাকবে, যাতে অন্যরা অনুরূপ গল্প বলা বা মন্তব্য করার আগে হাজারবার ভাববেন। পানির সত্তর হাত তলদেশে খুঁজলেও তখন আর এই গল্পকারদের দেখা মিলবে না।
বুদ্ধিটা শুনতে লেইম হলেও শতভাগ কার্যকর হবে কিন্তু! আপনারা কী বলেন?..............................................................
Shamim Anwar
বিসিএস (পুলিশ)
এডিশনাল স্পেশাল এসপি (সিআইডি)
সিআইডি হেডকোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা।