11/07/2026
ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও মানবতার বার্তা ছড়িয়ে দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আগামীকাল আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জড়ো হওয়া হাজারো দর্শকের অংশগ্রহণে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের সহায়তায় গণ-তহবিল (Mass Fundraising) সংগ্রহ করা হবে।
এই মানবিক উদ্যোগের আয়োজন করেছে চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (CSA), অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা। আয়োজকদের লক্ষ্য, খেলার আনন্দকে মানবিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বাস করেন, সামাজিক দায়িত্ববোধ থেকেই প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
আয়োজকরা জানিয়েছেন, আর্জেন্টিনার ম্যাচ দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং দর্শনার্থীদের স্বেচ্ছায় অনুদান দেওয়ার আহ্বান জানানো হবে। সংগৃহীত অর্থ বন্যাকবলিত চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রমে ব্যয় করা হবে।
তাদের ভাষ্য, “খেলার উচ্ছ্বাস যেমন আমাদের একত্রিত করে, তেমনি দুর্যোগের সময় মানবতার ডাকও আমাদের এক কাতারে দাঁড়াতে শেখায়। তাই বিশ্বকাপের এই মিলনমেলাকে আমরা মানবসেবার একটি প্ল্যাটফর্মে পরিণত করতে চাই।”
ড্যাফোডিল শিক্ষার্থীদের এই উদ্যোগ ইতোমধ্যেই ক্যাম্পাসে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, কেবল খেলার আনন্দে সীমাবদ্ধ না থেকে সমাজের সংকটময় মুহূর্তে এগিয়ে আসার এই উদ্যোগ অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
মানবতার এই আহ্বানে সকল দর্শনার্থীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় সংগ্রহ করা অর্থ বন্যাদুর্গত মানুষের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।
Life on DIU