14/07/2026
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুলাই, ২০২৬
শিক্ষামন্ত্রীর কটুক্তিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে অপসারণের আহ্বান; বন্যাকবলিত এলাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিতের দাবি
শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কটুক্তিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। অবিলম্বে তার কাণ্ডজ্ঞানহীন ও কটুক্তিপূর্ণ বক্তব্য জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার, বন্যাকবলিত এলাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করার এবং তাকে দ্রুত অপসারণের দাবি জানানো হয়।
বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সংসদের সভাপতি গৌতম চন্দ্র শীল এবং কার্যকরী সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান যৌথ বিবৃতিতে, শিক্ষামন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড ও বক্তব্যের সমালোচনা করে বলেন, "আকস্মিক বন্যায় দেশের বেশ কিছু জেলা প্লাবিত হয়েছে। ভারী বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যা-জলাবদ্ধতা মধ্যে কোন কোন এলাকায় সাঁতার কেটে পরীক্ষার্থীদের আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখেছি। অনেক জায়গায় পরীক্ষার হল পানিতে তলিয়ে গেছে। এমনকি খোলা আকাশের নিচে হাতে ছাতা ধরে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এমন পরিস্থিতিতে একজন সুস্থ মস্তিষ্কের বিবেকবোধসম্পন্ন শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিল পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা। সেটি না করে উল্টো তিনি শিক্ষার্থীদের নিয়ে অশালীন ও কটুক্তিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন, যা তার বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড ও স্টান্টবাজি করে আসছেন। দেশের বিপর্যস্ত শিক্ষাখাতকে পুনর্গঠন না করে তিনি শুধু পরীক্ষা-পরীক্ষা আর নকল ধরো করে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছেন। উপরন্তু, পাকিস্তানের শিক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসা করে তাদের সাথে শিক্ষা সহযোগিতার কথা জানিয়েছেন, যা দেশপ্রেমিক সকল শিক্ষার্থীর মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পাকিস্তানের শিক্ষাব্যবস্থা নিয়ে ন্যূনতম ধারণা থাকলে এমনটি বলা সম্ভব নয়।
নেতৃদ্বয় বলেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে অবিলম্বে তার অশালীন ও কটুক্তিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। সরকারকে অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে অপসারণ করে, বন্যাকবলিত এলাকায় অবিলম্বে উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থী-পরীক্ষার্থীসহ সাধারণ জনগণকে সরকারি সহায়তায় সার্বিক সহযোগিতা করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা এহসানুল হক মিলনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে।"
বার্তা প্রেরক
রবিউল ইসলাম
সদস্য
কেন্দ্রীয় সংসদ