04/06/2017
যদি উঠো ভোরে
আলী আকবর হিমু
★★★★★★★★★★★★
দিন ফুরাতেই আঁধার নামে
সূর্য্যি নামে পাটে,
ও পাখিরা গান সেরেছিস
মাঠে বনে ঘাটে,
সকাল সকাল উঠবি বলে
সকাল সকাল ঘুমাস,
সবার আগে তুই বুঝি নিস
তাজা ফুলের সুবাস,
আমার দেখার ইচ্ছা জাগে
ফুল কিভাবে ফুটে,
রাতের তারা কখন ঘুমায়
সুর্য্য কখন উঠে,
আবির রাঙ্গা রঙ্গের রেণু
কেমনে মাখে মেঘ,
ঘাসের ডগায় শিশির হাসে
মৃদু হাওয়ার বেগ,
সূর্য জাগে, ফুল যে ফুটে
রঙ্গের ছুটা ছুটি,
দেখবে যদি উঠো ভোরে
আমরা যেমন উঠি।