02/08/2026
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিবৃতি
গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের প্রেক্ষিতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বক্তব্য
সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে "গ্রাহকের ৯০ কোটি টাকা খেয়ে ফেলেছে আলফা ইসলামী লাইফ" শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদে যে তথ্য, ব্যাখ্যা ও উপসংহার উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং পাঠকদের বিভ্রান্ত করার আশঙ্কা রয়েছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের বীমা আইন, ২০১০, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর জারিকৃত বিধি-বিধান এবং প্রযোজ্য সকল নিয়ন্ত্রক নির্দেশনা অনুসরণ করে পরিচালিত একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির সকল আর্থিক ব্যয়—কমিশন, বেতন-ভাতা, উন্নয়ন ব্যয়, প্রশাসনিক ব্যয় ও অন্যান্য পরিচালন ব্যয়সহ—আইডিআরএ নির্ধারিত Allowable Expense Limit-এর মধ্যেই সম্পাদিত হয়ে থাকে। বাংলাদেশে হাতেগোনা কয়েকটি কোম্পানী আইডিআরএ নির্ধারিত Allowable Expense Limit এর ভিতর থেকে কোম্পানীর ব্যবসা পরিচালনা করে থাকে, তার মধ্যে আলফা লাইফ একটি। ২০২০ সাল থেকে টানা ছয় বছর ধরে কোম্পানি আইডিআরএ নির্ধারিত Allowable Expense Limit-এর মধ্যেই অবস্থান করছে, যা আইডিআরএ-তে দাখিলকৃত প্রতিবেদন দ্বারা প্রতিফলিত।
কোম্পানির সকল বার্ষিক হিসাব, নিরীক্ষিত (Audited) আর্থিক বিবরণী এবং প্রয়োজনীয় প্রতিবেদন নিয়মিতভাবে আইডিআরএ-এর নিকট দাখিল করা হয়। কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত তদারকি, পর্যালোচনা এবং আইনগত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে।
এছাড়া, লাইফ ইন্স্যুরেন্স শিল্পে বিক্রয় কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মদক্ষতা-ভিত্তিক প্রণোদনা ও পারফরম্যান্স ইনসেনটিভ দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে। এ ধরনের বিষয় সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থা অবগত এবং কোম্পানি সর্বদা প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে কার্যক্রম পরিচালনা করে থাকে।
আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যাখ্যা ও তথ্য পর্যালোচনার সুযোগ দিয়েছিলাম। দুঃখজনকভাবে সেই ব্যাখ্যা ও প্রাসঙ্গিক তথ্য সংবাদে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। ফলে সংবাদটি ভুল ও বিভ্রান্তিকর রূপ ধারণ করেছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিশ্বাস করে, দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম মৌলিক নীতি হলো সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য, তথ্য ও প্রাসঙ্গিক দলিল যথাযথভাবে যাচাই করে সংবাদ প্রকাশ করা। আমরা আশা করি, ভবিষ্যতে সংশ্লিষ্ট গণমাধ্যম আরও দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে।
বাংলাদেশের জীবন বীমা শিল্প বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। এ অবস্থায় যাচাই-বাছাই ছাড়া বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ কেবল একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করে না, বরং সমগ্র জীবন বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সুশাসন, স্বচ্ছতা, গ্রাহকসেবা এবং আইনানুগ পরিচালনার মাধ্যমে জীবন বীমা শিল্পে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই কোম্পানি সম্পর্কে ভুল, বিভ্রান্তিকর তথ্য প্রচার শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং সামগ্রিক জীবন বীমা শিল্পের ভাবমূর্তি ও স্থিতিশীলতার জন্যও ক্ষতিকর হতে পারে। আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য জীবন বীমা খাত গড়ে তুলতে গণমাধ্যম, নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা কোম্পানিগুলোর দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা আমাদের সম্মানিত গ্রাহক, পলিসিধারী, শেয়ারহোল্ডার, ব্যবসায়িক অংশীদার এবং দেশের সর্বস্তরের মাঠকর্মীদের আশ্বস্ত করতে চাই যে, কোম্পানির আর্থিক ভিত্তি, দাবি (Claim) পরিশোধ, গ্রাহকসেবা এবং সার্বিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। একটি বিভ্রান্তিকর সংবাদকে কেন্দ্র করে উদ্বিগ্ন বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নুরে আলম ছিদ্দিকী অভি বলেন, "আমি আমাদের সম্মানিত গ্রাহক এবং মাঠকর্মীদের আশ্বস্ত করতে চাই যে, কোনো ধরনের বিভ্রান্তিতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর একটি টাকাও অবৈধভাবে ব্যয় বা আত্মসাতের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট ব্যয় সম্পূর্ণ সিস্টেমেটিক ও নীতিমালা অনুসারে সম্পাদিত হয়। এটি টিএ/ডিএ ও অন্যান্য অনুমোদিত পরিচালন ব্যয়ের অংশ হিসেবে নির্ধারিত কোস্টিং অনুযায়ী প্রদান করা হয়। এ সুবিধা সবাই পান না; শুধুমাত্র কোম্পানির সেলস পলিসিতে নির্ধারিত যোগ্যতা (Criteria) পূরণকারী ব্যক্তিরাই (এফএ, ইউএম ও বিএম) এটি পাওয়ার অধিকারী হন, যা সকলের লক্ষ্যমাত্রা পূরণ স্বাপেক্ষে তাদের স্ব স্ব ব্যাংক একাউন্টে Allowance হিসেবে প্রদান করা হয়ে থাকে। বিষয়টি আমাদের সেলস পলিসিতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং এ ধরনের সকল ব্যয় আইডিআরএ নির্ধারিত Allowable Expense Limit-এর মধ্যেই সম্পন্ন করা হয়।
"আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
#আলফা_ইসলামী_লাইফ_ইন্স্যুরেন্স_পিএলসি