20/08/2026
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল ২০ আগস্ট, ২০২৬ তারিখে নিয়মিত মাঠ-পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বেপজা ইকোনমিক জোন-১ ও ২ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নির্বাহী চেয়ারম্যান মহোদয় জোনের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগকারীদের জন্য প্রদত্ত সেবা ও সুবিধাসমূহ পর্যালোচনা করেন।
এ সময় তিনি নবনির্মিত ফায়ার স্টেশন ভবন, ইনভেস্টরস’ ক্লাব ভবন এবং ৩৩/১১ কেভি GIS সাবস্টেশন (২×১৬/২০ MVA) উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি চীনা মালিকানাধীন KPST Shoes (BD) Co., Ltd.-এর কারখানা পরিদর্শন করেন এবং দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান Park Handbag-এর নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি বেপজা ইকোনমিক জোনে ব্যাগ, লাগেজ ও ব্যাকপ্যাক উৎপাদনকারী শিল্পকারখানা স্থাপনের কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়া নির্বাহী চেয়ারম্যান দাবড়খালী খালের খননকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং জোন অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরিদর্শন শেষে তিনি বেপজা ইকোনমিক জোন-১ ও ২-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে নির্বাহী চেয়ারম্যান জোনের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।