02/07/2026
# অতিরিক্ত বিদ্যুৎ বিলজনিত সমস্যা নিরসণ সংক্রান্ত বিশেষ সভার কার্যবিবরণী
**তারিখ:** ০১/০৭/২০২৬ খ্রি. (বুধবার)
**সময়:** বিকাল ৫.০০ ঘটিকা
**স্থান:** বোর্ড রুম, সদর দপ্তর, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২
অদ্য ০১/০৭/২০২৬ খ্রি. বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরের বোর্ড রুমে অত্র সমিতির সম্মানিত সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়ের সভাপতিত্বে অতিরিক্ত বিদ্যুৎ বিলজনিত সমস্যা নিরসণ সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর দপ্তরের ডিজিএম (কারিগরি), সকল এজিএম, সকল সুপারভাইজার, সকল বিলিং সহকারী এবং সকল এমআরসিএম সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়াও সকল জোনাল ও সাব-জোনাল অফিসের অফিস প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয় এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনার আলোকে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ দ্রুত, সঠিক ও কার্যকরভাবে নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
১। স্ব-স্ব অফিসে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত সকল অভিযোগ যথাসময়ে গ্রহণ, তদন্ত এবং দ্রুত নিষ্পত্তি করতে হবে।
২। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনো অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে) প্রচারিত হলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করতে হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিযোগ অসত্য বা বিভ্রান্তিকর হলে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে কাউন্টার ভিডিও, পোস্ট বা প্রচারণার মাধ্যমে প্রকৃত তথ্য জনসাধারণের কাছে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর প্রচারণায় জড়িত ব্যক্তিদের তথ্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
৩। সকল বিলিং সহকারী ও এমআরসিএমদের নিয়ে সভা আয়োজন করে মিটার রিডিং গ্রহণ ও বিল প্রস্তুতের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করতে হবে এবং বিষয়টি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সরাসরি তদারকিতে রয়েছে, তা সংশ্লিষ্ট সকলকে স্পষ্টভাবে অবহিত করতে হবে।
৪। গ্রাহক সরাসরি অফিসে উপস্থিত হয়ে অথবা হটলাইনের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ করলে তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্তপূর্বক দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে ব্যবস্থাপনাকে অবহিত করতে হবে।
৫। প্রত্যেক অফিস প্রধানকে নিজ উদ্যোগে প্রতিটি বিলিং বই (Book) অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়সমূহ যাচাই করে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রদান করতে হবে।
৬। সংশ্লিষ্ট সকল অফিস কর্তৃক চলতি মাসের ০৫ তারিখ এবং ১০ তারিখের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অগ্রগতি ও নিষ্পত্তির প্রতিবেদন ব্যবস্থাপনার নিকট উপস্থাপন করতে হবে।
৭। কোনো অবস্থাতেই মিটার রিডিং গ্রহণের নির্ধারিত রিডিং সাইকেল পরিবর্তন করা যাবে না।
৮। গ্রাহকপ্রান্তে মিটার রিডিং গ্রহণকালে অস্বাভাবিক রিডিং পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট গ্রাহককে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করতে হবে।
৯। বিলিং সহকারীগণ কর্তৃক মিটার রিডিং পোস্টিং প্রদানের পূর্বে রিডিং যথাযথভাবে যাচাই-বাছাই করে সতর্কতার সঙ্গে পোস্টিং সম্পন্ন করতে হবে।
১০। সকল গ্রাহকের সঙ্গে সৌজন্যমূলক, আন্তরিক ও পেশাদার আচরণ নিশ্চিত করার জন্য বিলিং শাখাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনা প্রদান করা হয়।
১১। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রতিটি অভিযোগ নির্ধারিত অভিযোগ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং অভিযোগ নিষ্পত্তির পর গৃহীত ব্যবস্থা ও সমাধানের বিবরণ একই রেজিস্টারে সংরক্ষণ করতে হবে।
পরিশেষে সভাপতি মহোদয় অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ প্রতিরোধ, যথাযথ মিটার রিডিং গ্রহণ, সঠিক বিল প্রস্তুতকরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ দায়িত্বশীলতা, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এরপর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।