11/09/2026
ধরেন, আপনি ঢাকা থেকে ট্রেনে উঠেছেন, দূরে কোথাও যাচ্ছেন। পথে আপনি ট্রেনের ভেতর কোনো সমস্যায় বা বিপদে পড়লেন, তখন আপনি কী করবেন? নিশ্চয়ই নিরাপত্তাকর্মীদের কাছে গিয়ে হেল্প চাইবেন? কিন্তু যদি এমন হয় যে, সেই নিরাপত্তাকর্মীরাই আপনার ওপর চড়াও হয়ে নির্যাতন চালায়, তখন আপনি কই যাবেন?
বাংলাদেশে ট্রেনে এমন ঘটনা তো নতুন কিছু না। প্রায়ই এই ধরনের খবর সামনে আসে। আর প্রায়শই দেখা যায়, ট্রেনের নিরাপত্তাকর্মী বা ক্যান্টিন বয়রাই এই জঘন্য কাজটা করে। এরা শকুনের মতো সুযোগের অপেক্ষায় থাকে, কখন কোনো মেয়ে একা ট্রেনে উঠবে আর এরা এদের বিকৃত কার্যকলাপ চালাবে।
কয়েকদিন আগেই ঢাকা থেকে কুড়িগ্রামগামী এক ট্রেনে এই হাড়হিম করা কাণ্ড ঘটেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে দেখে এক নারী তাড়াহুড়োয় টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়েছিলেন। ট্রেন নাটোরে যাওয়ার পর কয়েকজন নিরাপত্তাকর্মী বুঝতে পারে যে ওই নারীর কাছে টিকিট নেই। তারা সিট দেওয়ার নাম করে তাকে ক্যান্টিনে নিয়ে যায়। তারপর ক্যান্টিন বয়ের নেতৃত্বে কয়েকজন মিলে ঘণ্টাখানেক ধরে ওই নারীকে রে* করে।
এই পৈশাচিকতার পর তারা আলোচনায় বসে, মহিলাকে নিয়ে এখন কী করা যায়? হয়তো ভাবছিল চলন্ত ট্রেন থেকে কোথাও ফেলে দেবে! ঠিক সেই সুযোগেই নারীটি বুদ্ধি করে কোনো একভাবে নিজের ফোন থেকে ৯৯৯-এ কল করে পুলিশকে ডিটেইলস জানিয়ে দেন। পরের স্টেশনে ট্রেন থামতেই রেলওয়ে পুলিশ রেইড দিয়ে ওই নারীকে উদ্ধার করে। ক্যান্টিন বয়কে গ্রেফতার করা হলেও বাকি জানোয়ারগুলো পালিয়ে যায়।
আমি চিন্তা করছি, এই নারী বুদ্ধিমান হওয়ার কারণে অন্তত প্রাণে বেঁচে গেছেন। তিনি ৯৯৯-এ ফোন দেওয়ার ব্যাপারটা জানতেন বলে রক্ষা পেয়েছেন। উনার জায়গায় সাধারণ বা একটু বোকা স্বভাবের কেউ হলে হয়তো আজ সম্ভ্রমের সাথে জীবনটাও হারাতে হতো!
কোন দেশে থাকি রে ভাই? ট্রেন তো সবচেয়ে নিরাপদ পাবলিক বাহন হওয়ার কথা। সেই ট্রেনেও যদি মেয়েরা নিরাপদ না থাকে, তাহলে মেয়েরা কোথায় নিরাপদ?
বোনরা, খালারা, আপনাদের উদ্দেশে বলছি, আপনারা ট্রেনে ওঠার ব্যাপারে এখন থেকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন।
- যথাসম্ভব চেষ্টা করবেন একা ট্রেনে না উঠতে।
- একান্তই যদি একা উঠতে হয়, তাহলে সর্বোচ্চ সতর্ক থাকবেন। জার্নিতে একদমই ঘুমিয়ে পড়বেন না। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেকোনো সময় ঘটতে পারে।
- নিকটাত্মীয় বা বিশ্বস্ত কারো সাথে সবসময় ফোনের লাইভ লোকেশন শেয়ার করে রাখবেন।
- আত্মরক্ষার জন্য ব্যাগে পেপার স্প্রে, নেইল কাটার বা সেফটিপিনের মতো জিনিস হাতের নাগালে রাখবেন।
- ৯৯৯ সহ পুলিশের বা পরিচিতদের নাম্বার ইমার্জেন্সি স্পিড ডায়ালে সেভ করে রাখবেন।
অমানুষদের এই দেশটাতে নিজেদের সুরক্ষার দায়িত্ব এখন নিজেদেরই নিতে হবে!
---
নাজিম উদ দৌলা
১০/৯/২০২৬