20/08/2026
কখনো কি এমন হয়েছে, হাতে এক কাপ চা নিয়ে সামনে ব্যস্ত রাস্তা বা শান্ত আকাশ দেখতে দেখতে হঠাৎ নিজের চিন্তার জগতে হারিয়ে গেছেন?
সেখানে হয়তো আপনার সব স্বপ্ন পূরণ হয়েছে। কোনো কষ্ট নেই, কোনো না-পাওয়া নেই, সবকিছু ঠিক আপনার মনের মতো। এমন কল্পনা করতে আমাদের সবারই ভালো লাগে। কারণ কল্পনার জগত অনেক সময় আমাদের শান্তি দেয় এবং বাস্তব জীবনের চাপ থেকে কিছুটা স্বস্তি এনে দেয়।
কল্পনা করা খারাপ কিছু নয়। বরং মানুষের অনেক বড় আবিষ্কার, গল্প, কবিতা ও গানের শুরু হয়েছে কল্পনা থেকেই। ভবিষ্যতে আমরা কী হতে চাই, কী অর্জন করতে চাই, সেটাও কল্পনা আমাদের লক্ষ্য ঠিক করতে সাহায্য করে।
কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আমরা বাস্তব জীবনের চেয়ে কল্পনার জগতেই বেশি সময় কাটাতে শুরু করি। মনোবিজ্ঞানে অতিরিক্ত ও নিয়ন্ত্রণের বাইরে কল্পনায় ডুবে থাকার বিষয়টিকে Maladaptive Daydreaming বলা হয়।
ধরুন, আপনি কল্পনায় নিজেকে সফল একজন মানুষ হিসেবে দেখছেন, কিন্তু সেই সফলতার জন্য বাস্তবে কোনো কাজ করছেন না। এভাবে চলতে থাকলে পড়াশোনা, কাজ, পরিবার বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় কল্পনায় ডুবে থাকার পর নিজের কাছে মনে হতে পারে, “এত সময় কাটালাম, কিন্তু কিছুই করলাম না।” এতে অপরাধবোধ, হতাশা ও উদ্বেগও বাড়তে পারে।
তাই কল্পনা করা বন্ধ করার প্রয়োজন নেই। বরং খেয়াল রাখতে হবে, কল্পনা যেন আপনার বাস্তব জীবনকে নিয়ন্ত্রণ না করে। আপনি কল্পনায় যে সুন্দর ভবিষ্যৎ দেখেন, সেটি বাস্তবে পাওয়ার জন্য ছোট ছোট কাজ শুরু করুন।
আর যখন মনে হবে আপনি অতিরিক্ত চিন্তা বা কল্পনার মধ্যে হারিয়ে যাচ্ছেন, তখন নিজের শ্বাস, চারপাশের শব্দ, দৃশ্য ও অনুভূতির দিকে মন দিন। এতে বর্তমান সময়ে ফিরে আসতে সাহায্য করবে।
কল্পনা হোক আপনার স্বপ্ন দেখার শক্তি, বাস্তবতা থেকে পালানোর জায়গা নয়। নিজের মনের যত্ন নিন, কারণ মন ভালো থাকলে জীবনকেও অনেক সুন্দর মনে হয়।