27/08/2026
মানুষ কতটা অমানুষ হতে পারে
সৈয়দপুর - পার্বতীপুর সড়কে - পান আনতে পাঠিয়ে কিশোরের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উধাও চোর
সৈয়দপুরে যাত্রী সেজে ব্যাটারিচালিত ভ্যানে উঠে চালক কিশোরকে পান আনতে পাঠিয়ে ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোর রেজওয়ান ইসলাম (১৪) কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে।
রেজওয়ান জানায়, রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসা থেকে মালামাল নিয়ে যাওয়ার কথা বলে তার ব্যাটারিচালিত ভ্যান ভাড়া করে। পরে সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের নির্দিষ্ট একটি স্থানে পৌঁছে তারা তাকে সড়কের অপর পাশে থাকা দোকান থেকে পান আনতে বলে।
ওই কিশোর পান আনতে গেলে ফিরে এসে সে দেখতে পায়, ভ্যানটি সেখানে নেই। তার কাছে শুধু ভ্যানের চাবিটি রয়ে গেছে।
রেজওয়ান বলেন, পরিবারের জীবিকার অন্যতম অবলম্বন ছিল ভ্যানটি। সেটি হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলে, আমি এখন কী করব? শেষ সম্বলটুকুও ওরা নিয়ে গেল। বাবা-মাকে কী জবাব দেব? আমাদের সংসার কীভাবে চলবে?
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ফেসবুকের মাধ্যমে কিশোরের ভ্যান হারানোর বিষয়টি জানতে পেরেছেন তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, শহরে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। পরিস্থিতি বিবেচনায় শহরজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। যেসব ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে পুলিশ কাজ করছে।~~