01/08/2026
মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখতে নেই — আজ সেই রাঙ্গুনিয়ার মেয়ে যুক্তরাষ্ট্রে পেয়েছেন ৩৬ কোটি টাকার স্কলারশিপ!
রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সরফভাটার মেয়ে মুমতাহিনা করিম মীম আজ বাংলাদেশের জন্য এক অনুপ্রেরণার নাম।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং কাপাসগোলা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করা মীম ছোটবেলা থেকেই ছিলেন সৃজনশীল। ছবি আঁকার পাশাপাশি মায়ের কাছ থেকে শেখেন কোডিং। মাত্র সপ্তম শ্রেণিতে পড়ার সময় নিজের স্কুলের ওয়েবসাইট তৈরি করেন। নবম শ্রেণিতে প্রতিষ্ঠা করেন একটি প্রোগ্রামিং ক্লাব, যেখানে ৬৫ জন শিক্ষার্থীকে নিজ হাতে কোডিং শেখান। তার নেতৃত্বে ক্লাবের দল জাতীয় পর্যায়ে প্রথম স্থানও অর্জন করে।
ইউটিউব দেখে নিজে নিজে রোবটিক্স শেখেন। নিজের সঞ্চয় দিয়ে কেনেন আরডুইনো কিট ও বিভিন্ন সেন্সর। ছোট্ট ঘরেই গড়ে তোলেন একটি মিনি রোবটিক্স ল্যাব এবং তৈরি করেন ফুড-সার্ভিং রোবট ‘কিবো’।
তবে পথটা সহজ ছিল না। অনেকেই বলতেন, এসব করে কী হবে? পড়াশোনা তো নষ্ট হবে! আবার কেউ বলতেন, মেয়ে হয়ে এত বড় স্বপ্ন দেখতে নেই। কিন্তু এসব কথাকে উপেক্ষা করে নিজের লক্ষ্য থেকে একচুলও সরে যাননি মীম।
এইচএসসি শেষে যখন সবাই দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, তখন তিনি একাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু করেন। রাত জেগে অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, ইংরেজি দক্ষতার পরীক্ষা দিয়েছেন এবং একাধিকবার SAT পরীক্ষায় অংশ নিয়েছেন।
তার সেই পরিশ্রমের ফল যুক্তরাষ্ট্রের ২৫টি বিশ্ববিদ্যালয় ও লিবারেল আর্টস কলেজ থেকে অফার লেটার। এর মধ্যে রয়েছে হেনড্রিক্স কলেজ, ফ্র্যাঙ্কলিন অ্যান্ড মার্শাল কলেজ, ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার, পেন স্টেট ইউনিভার্সিটি, নক্স কলেজ, রোডস কলেজ, স্পেলম্যান কলেজ, ক্লেমসন ইউনিভার্সিটিসহ আরও অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান।
এছাড়া তিনি আরও পেয়েছেন ফ্র্যাঙ্কলিন অ্যান্ড মার্শাল কলেজ থেকে প্রায় ৩.৬ কোটি টাকা, ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার থেকে প্রায় ১.২ কোটি টাকা, রোডস কলেজ থেকে প্রায় ২.৫ কোটি টাকা, নক্স কলেজ থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের স্কলারশিপ।
সব মিলিয়ে তার প্রাপ্ত স্কলারশিপের আর্থিক মূল্য প্রায় ৩৬ কোটি টাকা।
মুমতাহিনা করিম মীম প্রমাণ করেছেন, স্বপ্ন বড় হলে, পরিশ্রমে বিশ্বাস থাকলে এবং নিজের ওপর আস্থা না হারালে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বিশ্বজয়ের গল্প লেখা সম্ভব।
© Undergrad Stories