16/12/2025
১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে কেবল একটি দিন নয়; এটি পাকিস্তানি শোষণ, বৈষম্য ও দমন-পীড়নের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত বিজয়ের প্রতীক। বছরের পর বছর অর্থনৈতিক নিপীড়ন, ভাষা ও সাংস্কৃতিক দমন, রাজনৈতিক বঞ্চনার শৃঙ্খল ভেঙে এই দিনেই জন্ম নিয়েছিল একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।
১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ ছিল অত্যাচারের বিরুদ্ধে বাঙালি জাতির সম্মিলিত প্রতিবাদ। ধর্ম-বর্ণ-শ্রেণী-পেশা নির্বিশেষে সকলে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মমতার মুখে দাঁড়িয়ে লক্ষাধিক শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি আর কোটি মানুষের সীমাহীন ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি এই বিজয়। ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পরাজিত শত্রুর আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হয় বাঙালির বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা।
এই বিজয় শুধু ভূখণ্ডের স্বাধীনতা নয়; এটি মর্যাদা, অধিকার ও আত্মপরিচয় ফিরে পাওয়ার দিন। আজ আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই লক্ষাধিক শহীদকে, যাঁদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি। তাঁদের রক্তের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। এসডিসি পরিবারের পক্ষ থেকে মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা। এই বিজয়ের চেতনাই আমাদের শক্তি, আমাদের প্রেরণা এবং আগামীর পথে অবিচল থাকার অঙ্গীকার।