Bonolota sener khoje
নাটোর নামকরণের ইতিকথা
==================
প্রতিটি নামের রয়েছে একটি ইতিহাস। লোকমুখে যা নানা রূপ পায়। সেসব নিয়ে আমাদের এই আয়োজন। সময়ের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দী-প্রাচীন নাটোরের রাজবাড়ী ও দিঘাপতিয়ার জমিদারবাড়ি। কবির কল্পনায় নাটোর অমর হয়ে আছে কাব্যে। প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্তি্বক ঐশ্বর্য্যম-তি বরেন্দ্র ভূমি সংলগ্ন নাটোর জেলা। এ জেলার নামকরণের
বিষয়ে যেসব ইতিহাস, উপখ্যান, লোকশ্রুতির হদিস পাওয়া যায়, তা বিভিন্নমুখী। বিলু কবীরের লেখা 'বাংলাদেশের জেলা : নামকরণের ইতিহাস' বই থেকে জানা যায়, নাটোর জেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে যে নদী তার নাম 'নারদ'। কথিত আছে যে, এই নদীর নাম থেকেই 'নাটোর' নামটির উৎপত্তি হয়েছে। উচ্চারণের কারণে নারদ হয়ে উঠে 'নারদ' এবং পরবর্তীতে এই নারদ উচ্চারণের কারণে 'নাটোর' হয় বলে ধারণা করা হয়। ভাষা গবেষকের মতে নাটোর শব্দটির মূল শব্দ নাতোর। নাতোর উচ্চারণের কারণে নাটোর হয়েছে। ওই অঞ্চল নিম্নমুখী হওয়ার কারণে সেখানে চলাচল করাটাই ছিল অসম্ভব। তই জনপদটির দুর্গমতা বোঝাতে বলা হতো নাতোর। নাতোর শব্দের অর্থ হচ্ছে দুর্গম। এই নাতোর শব্দটিই নাকি নাটোর'র বীজ শব্দ।
আরেকটি লোকশ্রুতি রয়েছে, জমিদারদের ঐতিহাসিক জনপদ এই অঞ্চলে আনন্দ-আমোদ করার চাহিদায় গড়ে উঠেছিল বাইজিবাড়ি, নটিপাড়া জাতীয় সংস্কৃতি। এই নটিপাড়া বা নটির পাড়া হতে নাটোর শব্দটি উৎপত্তি হতে পারে বলেও ধারণা করা হয়।
১৯৭৩ সালে নাটোর থানার জন্ম হয়। নাটোর পূর্বে রাজশাহী জেলার সদর দফতর ছিল। ১৮২৫ সালে রাজশাহী জেলা সদরকে রামপুর-বোয়ালিয়ায় সরিয়ে নেয়া হয়। ১৮২৯ সালে নাটোর মহকুমা হয়, আর পৌরসভা হয় ১৮৬৯ সালে। (উল্লেক্ষ্য, সমকালীন সময়ে অত্র অঞ্চলে মাত্র দুটি পৌরসভা ছিল যার একটি নাটোর এবং অন্যটি কোলকাতা। ) ১৯৮৪ সালে নাটোর পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায়।
অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পরগণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রাম জীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রাম জীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭১০ সালে। ১৭৩৪ সালে তিনি মারা যান। ১৭৩০ সালে রানী ভবানীর সঙ্গে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। ১৮৪৫ সালে রাজশাহী জেলার অধীনে নাটোর মহকুমার সৃষ্টি।