05/05/2026
অদ্য ০৫ মে, ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, সাতক্ষীরা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, সাতক্ষীরা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা এর উদ্যোগে নিরাপদ খাদ্য বিষয়ক ভেজাল বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইন নম্বর ১৬১৫৫ এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের দুধ ব্যবসায়ী রতন মাঝির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জনাব মো: নাভিল হোসেন তামিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়, সাতক্ষীরা। এছাড়া উপস্থিত ছিলেন জনাব দীপংকর দত্ত, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা; জনাব মো: মেহেদী হাসান তানভীর, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা, জনাব আবুল কাশেম, নিরাপদ খাদ্য পরিদর্শক, সাতক্ষীরা সদর এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল। উক্ত অভিযানে দুধ হতে ক্রিম পৃথক করে পাম তেল মিশ্রিত করে পূনরায় প্রক্রিয়াজাত করার প্রমান পাওয়া যায় যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রিত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা মাত্র) অর্থদন্ড আদায় এবং ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে কারখানা হতে প্রায় ১২০ লিটার ভেজাল দুধ, প্রায় ১৪ লিটার পাম তেল ও প্রায় দুই কেজি খাবার সোডা জব্দ করা হয়।