02/08/2026
প্রেস বিজ্ঞপ্তি
বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে জনদুর্ভোগ নিরসনে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চলাচল উপযোগী করার মানবিক উদ্যোগ
তাহিরপুর (সুনামগঞ্জ), ০১ আগস্ট ২০২৬।
তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়ন ও বালিজুড়ি ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা, কাদা ও বিভিন্ন আবর্জনায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও পিচ্ছিল কাদার কারণে প্রতিদিন সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। মোটরসাইকেল চলাচলও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল।
বিশেষ করে পিরোজপুর, দক্ষিণকূল, মাহতাপুর ও আনোয়ারপুর গ্রামের বাসিন্দা এবং অসংখ্য শিক্ষার্থীর জন্য এই সড়কটি বাদাঘাট বাজারে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। বিকল্প যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় কাজে এলাকাবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছিল।
এ পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন-এর স্বেচ্ছাসেবীরা রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চলাচল উপযোগী করার উদ্যোগ গ্রহণ করেন। অভিযানে রাস্তা থেকে কচুরিপানা, কাদা ও আবর্জনা অপসারণের পাশাপাশি বালি, পাথর ও ভাঙা ইট ফেলে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হয়। ফলে বর্তমানে মোটরসাইকেল, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে এই সড়ক ব্যবহার করতে পারছেন।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের জনসেবামূলক উদ্যোগ সমাজের অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলী (রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত–২০২৬) বলেন,
“আমাদের স্লোগান—‘বন্ধুত্বের সাথে কল্যাণের পথে’। এই আদর্শকে ধারণ করে বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”
প্রেরক:
শাহ আলী (রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত–২০২৬)
প্রতিষ্ঠাতা সভাপতি, বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন
প্রতিষ্ঠাতা ও পরিচালক, বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলার নির্বাচিত সফল যুব আত্মকর্মী ও উপজেলা নির্বাচিত সফল সংগঠক।
Shah Ali Pvm